৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবে

- সংবাদ প্রকাশের সময় : ০১:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দেশের উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দিতে নতুন কর্মসূচি চালু করছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’—সংক্ষেপে ‘উদ্যোগ’ নামের এ কর্মসূচির মাধ্যমে তরুণদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা দেওয়া হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই কর্মসূচিটির মূল লক্ষ্য। এ উদ্যোগের আওতায় সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিত করে তাদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নসহ অন্যান্য সহায়তা দেওয়া হবে।
কখন থেকে আবেদন
‘উদ্যোগ’ কর্মসূচিতে আবেদন গ্রহণ শুরু হবে ১৬ সেপ্টেম্বর ২০২৬। এ পর্যায়ে আবেদন করা যাবে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
তবে অন্যান্য জেলার আওতাধীন সব উপজেলার উদ্যোক্তাদের জন্য আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
আবেদন করবেন যেভাবে
‘উদ্যোগ’ কর্মসূচির আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং দেশের সব তফসিলি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে।
আগ্রহী তরুণ উদ্যোক্তারা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে নির্ধারিত নিয়ম ও সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ
বাংলাদেশ ব্যাংকের মতে, কর্মসূচিটির মাধ্যমে দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায়ে থাকা সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে চিহ্নিত করার পাশাপাশি তাদের ব্যবসায়িক উদ্যোগকে অর্থায়নের আওতায় আনা হবে।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ আরও বাড়বে।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে কর্মসূচির সুযোগ নেওয়ার জন্য আগ্রহী তরুণ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।





















