সর্বজনীন পেনশনে বড় পরিবর্তনের পরিকল্পনা, স্বামী-স্ত্রী পাবেন আজীবন সুবিধা

- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সর্বজনীন পেনশন স্কিমকে আরও আকর্ষণীয় ও জনবান্ধব করতে নতুন কিছু সুবিধা যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে মৃত পেনশনভোগীর স্বামী বা স্ত্রীর জন্য আজীবন পেনশন এবং পেনশনভোগীদের জন্য স্বাস্থ্যবীমা চালুর প্রস্তাব রয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় নতুন সুবিধাগুলোর প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
পদাধিকারবলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অর্থমন্ত্রী।
বাড়ানো হবে মানুষের আগ্রহ
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতউজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে বোর্ড সভায় বেশ কয়েকটি প্রস্তাব তোলা হবে।
এর মধ্যে অন্যতম হলো, কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন সুবিধার আওতায় আনা।
এ ছাড়া পেনশন ব্যবস্থার সঙ্গে স্বাস্থ্যবীমার সুবিধা যুক্ত করার বিষয়টিও প্রস্তাবের মধ্যে রয়েছে।
অনুমোদন হলে দ্রুত বাস্তবায়ন
প্রস্তাবগুলো বোর্ডে অনুমোদিত হলে বিদ্যমান বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। এরপর আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন সুবিধাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান।
অর্থাৎ প্রস্তাবগুলো অনুমোদন ও বিধিমালা সংশোধন সম্পন্ন হলে সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমান সুবিধার পাশাপাশি পেনশনভোগীর জীবনসঙ্গীর দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষার সুযোগ তৈরি হতে পারে।























