একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা

- সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ফুটবলবিশ্বে প্রায় দুই দশক ধরে মুখোমুখি লড়াই করেছেন লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠের প্রতিদ্বন্দ্বিতা, রেকর্ড আর ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে দু’জনের লড়াই দেখেছে একাধিক প্রজন্ম। এবার সেই দুই মহাতারকাকেই একই দলের হয়ে খেলানোর পরিকল্পনা করছেন আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজ।
সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী ডিসেম্বরেই প্রথমবারের মতো একই দলের জার্সিতে মাঠে দেখা যেতে পারে মেসি ও রোনাল্ডোকে।
তেভেজ নিজের ফুটবলজীবনের বিদায়ী ম্যাচ খেলতে চান আর্জেন্টিনায়। আর সেই ম্যাচেই তাঁর বিশেষ ইচ্ছা—মেসি ও রোনাল্ডোকে সতীর্থ হিসেবে পাওয়া।
লা বোম্বোনেরায় হতে পারে মহাতারকাদের মিলন
তেভেজের বিদায়ী ম্যাচটি হতে পারে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে। এ নিয়ে বোকা জুনিয়র্সের সভাপতি ও তেভেজের সাবেক সতীর্থ হুয়ান রোমান রিকেলমের সঙ্গে কথাও বলেছেন তিনি। রিকেলমে নাকি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
এমনকি আগামী ডিসেম্বরের এমন একটি তারিখ খোঁজার কাজও শুরু হয়েছে, যেদিন বোকা জুনিয়র্সের কোনো ম্যাচ থাকবে না।
২০২১ সালে বোকা জুনিয়র্সের হয়ে তৃতীয় দফায় খেলার পর পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তেভেজ। এবার নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চান তিনি।
মেসি-রোনাল্ডোকে আনতে চান তেভেজ
আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০ জন সাবেক ও বর্তমান ফুটবলারের অংশ নেওয়ার কথা রয়েছে ওই ম্যাচে। মেসি ও রোনাল্ডোর সঙ্গে তেভেজের এখনও যোগাযোগ রয়েছে। তাই দু’জনকেই মাঠে নামানোর ব্যাপারে আশাবাদী তিনি।
এক সাক্ষাৎকারে তেভেজ বলেছেন, “মেসি ও রোনাল্ডোকে একইসঙ্গে খেলাতে চাই। আমি নিজেই ওদের দু’জনকে নিয়ে আসব।”
তবে শেষ পর্যন্ত মেসি ও রোনাল্ডোর বর্তমান ক্লাব তাদের এই বিশেষ ম্যাচে খেলার অনুমতি দেয় কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
থাকবেন আরও অনেক কিংবদন্তি
শুধু মেসি-রোনাল্ডো নয়, নিজের ক্যারিয়ারে যাঁদের সঙ্গে খেলেছেন বা যাঁদের বিপক্ষে মাঠে নেমেছেন, তাঁদের অনেককেই বিদায়ী ম্যাচে দেখতে চান তেভেজ।
সম্ভাব্য তালিকায় রয়েছে এডউইন ফান ডার সার, জিয়ানলুইজি বুফন, রিও ফার্ডিনান্ড, নেমানিয়া ভিডিচ, জর্জিও কিয়েলিনি ও লিওনার্দো বোনুচ্চির মতো তারকারা।
তেভেজের পরিকল্পনা বাস্তবায়িত হলে আর্জেন্টিনার মাঠে তৈরি হতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় দৃশ্য—একই দলের হয়ে পাশাপাশি মেসি ও রোনাল্ডো!























