ভিসা নীতি নিয়ে বিতর্ক
ম্যাচ শেষে ২৭ মিনিটের মধ্যেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ইরানকে
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ফিফার কাছে আবেদন করেও কোনো ছাড় পায়নি ইরান ফুটবল দল। ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্র সরকারের কড়া ভিসা নীতির কারণে জটিল পরিস্থিতিতে পড়েছে দলটি। সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট ম্যাচের পর অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ইরান দলকে এবং বাকি সময় তারা মেক্সিকোতে অবস্থান করবে।
রিপোর্ট অনুযায়ী, লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পরই ইরান দলকে কঠোর নির্দেশনা জানানো হয়। বলা হয়েছে, শুধুমাত্র ম্যাচের সময়টুকুর জন্যই যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি থাকবে। এরপর দ্রুত সময়ের মধ্যে তাদের মেক্সিকোর তিজুয়ানায় ফিরে যেতে হবে।
পরিকল্পনা অনুযায়ী, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ২৭ মিনিট পরই ইরান দলকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে বলে জানানো হয়েছে। একই ধরনের নিয়ম ভবিষ্যৎ ম্যাচগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ইরান ফুটবল ফেডারেশন বিষয়টি নিয়ে ফিফার কাছে বিধিনিষেধ শিথিলের আবেদন করলেও তাতে সাড়া মেলেনি। এর ফলে দলটিকে প্রতিটি ম্যাচের জন্য সীমিত সময়ের ভিসা ও যাতায়াত ব্যবস্থার মধ্যেই থাকতে হচ্ছে।
যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ও ভিসা নীতির কারণেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হোয়াইট হাউসের টাস্ক ফোর্সের এক কর্মকর্তা জানান, সব খেলোয়াড় ও কোচ ভিসা পেলেও কিছু ব্যক্তিকে নিরাপত্তাজনিত কারণে অনুমতি দেওয়া হয়নি।
এ ধরনের সিদ্ধান্তকে অনেকেই অস্বাভাবিক ও ক্রীড়ার জন্য অস্বস্তিকর বলে মন্তব্য করছেন, কারণ এতে খেলোয়াড়দের স্বাভাবিক প্রস্তুতি ও বিশ্রাম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।



















