যশোরে নৈশপ্রহরী হত্যা ঘিরে রহস্য, একজন আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৩২৩ বার পড়া হয়েছে
যশোরের চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড়ের পাশের একটি খাল থেকে আতিয়ার রহমান (৫৫) নামে এক নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) বিকেলে কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
নিহত আতিয়ার রহমান যশোর সদর উপজেলার লস্করপুর গ্রামের ছবেদ আলীর ছেলে। তিনি ওই বাওড়ের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন এবং শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) রাতে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রোববার বিকেলে বাওড় সংলগ্ন খালে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ জানান, নিহত আতিয়ার রহমান দায়িত্ব পালনের পাশাপাশি বাওড়ের পানির সেচ কার্যক্রমেও যুক্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ শিকার বা বাওড়ে অননুমোদিত প্রবেশ ঠেকানোর কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতিও চলছে।





















