আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট সেবনে বিধবা নারীর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে মর্জিনা বেগম (৫২) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে।
নিহত মর্জিনা বেগম উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী।
শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে স্বামী আব্দুস সামাদের মৃত্যু হয়। এরপর থেকে দুই ছেলে সন্তান নিয়ে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন। বড় ছেলে প্রবাসে এবং ছোট ছেলে সানোয়ার হোসেন পরিবারের সঙ্গে থাকেন।
শনিবার সন্ধ্যায় পরিবারের অজান্তে মর্জিনা বেগম নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে জানা যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত অটোরিকশায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ রোববার সকালে মরদেহ উদ্ধার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।





















