নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
মহিলাদের কেমিক্যাল প্রয়োগ করে সম্মোহিত করে স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল জেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার আবু হাসান, বাবু ও সবুজ।
রোববার (২১ জুন) বিকেলে নিজ কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ সুপার জানান, গত কয়েক মাসে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় একটি চক্র বয়স্ক নারীদের টার্গেট করে প্রতারণা করে আসছিল। তারা কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ বা বিশেষ ধরনের কেমিক্যাল ব্যবহার করে ভুক্তভোগীদের সাময়িকভাবে বিভ্রান্ত করে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নিত।
তিনি জানান, কেমিক্যাল প্রয়োগের পর ভুক্তভোগীরা কিছু সময়ের জন্য স্বাভাবিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন এবং অনেক ক্ষেত্রে নিজেরাই অপরাধীদের কথামতো গয়না ও টাকা তুলে দেন। কখনও কখনও বাসার আলমারি খুলে মালামাল বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।
এসপি আরও জানান, এ ঘটনায় নওগাঁ থানায় তিনটি মামলা দায়ের হয়। মামলাগুলোর তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। পরে তারা টাঙ্গাইলে একই ধরনের অপরাধ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, চক্রটির নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ঘাঁটি রয়েছে এবং তাদের একাধিক দল দেশের বিভিন্ন স্থানে সক্রিয়। এ পর্যন্ত নারায়ণগঞ্জ, নওগাঁ ও খুলনাসহ বিভিন্ন এলাকায় অন্তত ১০টি অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
পুলিশ সুপার বলেন, চক্রটি সাধারণত বয়স্ক নারীদের টার্গেট করত। প্রথমে একজন ব্যক্তি সাহায্যের কথা বলে যোগাযোগ করত, এরপর অন্য সদস্যরা বিভিন্ন কৌশলে কাছে এসে কেমিক্যাল প্রয়োগ করে ভুক্তভোগীদের কাছ থেকে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যেত।
নওগাঁ জেলা পুলিশ এ ধরনের অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।





















