মাদক ও নারী কেলেঙ্কারি: সার্জেন্ট জাহাঙ্গীর ক্লোজ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর গাইবান্ধা ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে বিভাগীয়ভাবে এ ব্যবস্থা নেওয়া হয়।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় গাইবান্ধা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর আলতাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পলাশবাড়ীর ঘটনার পর সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে দেখছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থানকালে স্থানীয়দের নজরে আসেন সার্জেন্ট জাহাঙ্গীর। এর আগে ট্রাফিক ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির সূত্রে স্থানীয় এক নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে তার পরিচয় হয় বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, ওই রাতে বাসায় তাদের উপস্থিতি টের পেয়ে লোকজন বাসাটি ঘিরে ফেলেন। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের অভিযোগও ওঠে।
ঘটনার পর বিষয়টি প্রথমে আড়ালে থাকলেও শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মধ্যে সমালোচনা তৈরি হয়।
ট্রাফিক ইন্সপেক্টর আলতাব হোসেন বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



















