সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, মাজার কর্তৃপক্ষের স্বস্তি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে সমালোচনার মুখে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
ডিসি মো. সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২২ জুন (সোমবার) তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।
সিলেটে দায়িত্ব নেওয়ার পর শুরুতে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রশংসা পেলেও সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ নিয়ে বিতর্কে জড়ান সারওয়ার আলম।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে গত বৃহস্পতিবার মাজারের দানের ডেগ সিলগালা করে জেলা প্রশাসনের উদ্যোগে নতুন দানবাক্স স্থাপন করা হয়। দানবাক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, মাজারের আয়ের স্বচ্ছতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মাজার সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিনের ঐতিহ্য ও রীতি ভেঙে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।
সারওয়ার আলম ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ভেজালবিরোধী অভিযানের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। ওই সময়ে তিনি তিন শতাধিক অভিযান পরিচালনা করেন।
২০২০ সালে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি পান।
এর আগে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার ঘটনায় সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে তিরস্কারের শাস্তি দেওয়া হয়েছিল।




















