টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পাল্টা বিক্ষোভ ছাত্রদল-যুবদলের
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বিচ্চিরা রোড এলাকায় ৮ থেকে ১০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলে তারা শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেয় বলে জানা গেছে। প্রায় পাঁচ মিনিটের ওই মিছিলে সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ছবি সংবলিত ব্যানার ছিল।
পুলিশের ধারণা, সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির সমর্থকরাই এ মিছিল করেছে। এ ঘটনায় আশিকুর রহমান আশিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। সমাবেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিহত করার ঘোষণা দেন তারা।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করেছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মিছিলের ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





















