‘ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে দেওয়ার’ মন্তব্যে উদ্বিগ্ন পুলিশ অ্যাসোসিয়েশন
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তার ‘ইন্সপেক্টরকে গাছের সঙ্গে ঝুলিয়ে দেব’—এমন মন্তব্যকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন (বিপিএ)।
শনিবার (২০ জুন) এক বিবৃতিতে সংগঠনটি এ উদ্বেগ জানায়।
বিবৃতিতে বলা হয়, গত ১৭ জুন খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা এলাকায় আয়োজিত এক সুধী সমাবেশে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়ার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার কথা বলতে গিয়ে ওই মন্তব্য করেন।
বিপিএ জানায়, পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্য ও কর্মকর্তার বক্তব্যে পেশাদারিত্ব, সংযম এবং প্রাতিষ্ঠানিক মূল্যবোধের প্রতিফলন থাকা জরুরি। জনসম্মুখে দেওয়া বক্তব্য এমন হওয়া উচিত, যা বাহিনীর মর্যাদা, শৃঙ্খলা ও জনগণের আস্থা আরও বাড়ায়।
সংগঠনটি আরও জানায়, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে জনসেবা দিয়ে যাচ্ছে। এ অবস্থায় বাহিনীর সদস্যদের মনোবল, পেশাগত নিরাপত্তা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা গুরুত্বপূর্ণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ওই বক্তব্যকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের বিভিন্ন পর্যায়ে প্রতিক্রিয়া দেখা গেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বলেছে, কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম বা দায়িত্বে অবহেলার বিষয় থাকলে তা প্রচলিত আইন, বিভাগীয় বিধি ও সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত।
ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের আরও সতর্ক, সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে বাহিনীর মধ্যে পারস্পরিক সম্মান, পেশাদারিত্ব ও ইতিবাচক কর্মপরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।




















