নতুন নয়, পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
পোশাক নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও মাঠপর্যায়ের আপত্তির পর অবশেষে আগের ইউনিফর্ম কাঠামোয় ফিরছে বাংলাদেশ পুলিশ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের শার্ট পুনরায় বহাল করা হয়েছে। তবে সব শাখার জন্য প্যান্টের রং থাকবে খাকি।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি শুক্রবার (১৯ জুন) প্রকাশ্যে আসে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পূর্বে নির্ধারিত ‘আয়রন’ রঙের শার্ট বাতিল করে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের জন্য গাঢ় নীল রঙের টিসি কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মহানগর পুলিশের (মেট্রোপলিটন) জন্য শার্ট হবে হালকা অলিভ রঙের।
সব ইউনিটের জন্য কফি রঙের ট্রাউজারের পরিবর্তে খাকি রঙের প্যান্ট বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে—এগুলো হবে গাঢ় নীল রঙের, তবে মহানগর পুলিশের ক্ষেত্রে থাকবে লাইট অলিভ রঙের শীতবস্ত্র।
নারী পুলিশ সদস্যদের ক্ষেত্রেও ইউনিফর্মে সংশোধন আনা হয়েছে। জেলা পুলিশ, বিশেষায়িত ইউনিট ও কিছু সংস্থার বাইরে অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের ক্ষেত্রে শাড়ির সঙ্গে হালকা অলিভ ব্লাউজ ব্যবহার করা হবে। হেড কভার বা হিজাব থাকবে অনুমোদিত গাঢ় নীল রঙে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গ্রীষ্মে অর্ধহাতা এবং শীতে পূর্ণহাতা শার্ট পরার নিয়ম বহাল থাকবে। গর্ভবতী নারী সদস্যরা ইউনিট প্রধানের অনুমোদন সাপেক্ষে আরামদায়ক সাধারণ পোশাক পরতে পারবেন।
এর আগে চলতি বছরের মে মাসে পুলিশ ইউনিফর্ম পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তখন সংশ্লিষ্ট মহল থেকে পোশাক নিয়ে অসন্তোষের বিষয়টি সামনে আসে। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই বিতর্কের অবসান ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



















