অস্ট্রেলিয়ার কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করেও অস্ট্রেলিয়ার কাছে ৭ রানে হেরেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত জয়ের দেখা না পেলেও ব্যাটিংয়ে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিল টাইগাররা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতে কিছুটা চাপে পড়লেও ম্যাট রেনশ ও টিম ডেভিডের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা।
৬ বলে ১১ রান করা জশ ইংলিসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাসুম আহমেদ। এরপর কুপার কনোলি ও অধিনায়ক মিচেল মার্শ দ্রুত ফিরে গেলেও রেনশ ও ডেভিডের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।
টিম ডেভিড ২৬ বলে ৪৫ রান করে বিদায় নেন। অন্যদিকে দুর্দান্ত ব্যাটিং করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ম্যাট রেনশ। তার ৫২ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ নেন ২ উইকেট। এছাড়া আবদুল গাফফার সাকলাইন, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ব্যাটে পাওয়ারপ্লেতে ৭২ রান তোলে টাইগাররা। তানজিদ ১৫ বলে ৩০ রান করে ফিরে যান। এরপর সৌম্য সরকার ১৫ রান করে বিদায় নেন।
এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা সাইফ হাসান করেন ৩৩ বলে ৪২ রান। পারভেজ হোসেন ইমন ২২ বলে ৩৬ রান করে আশা জাগান। তবে গুরুত্বপূর্ণ সময়ে তাদের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ।
শেষ দিকে অধিনায়ক তাওহিদ হৃদয় ও আবদুল গাফফার সাকলাইন জয়ের আশা ধরে রাখেন। শেষ দুই ওভারে দরকার ছিল ৩৪ রান। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ২৩ রানের। হৃদয় চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেননি।
২২ বলে ৩৫ রানের ইনিংস খেলে শেষ বলে আউট হন হৃদয়। ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৮৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যারন হার্ডি নেন ২ উইকেট। এছাড়া জোয়েল ডেভিস, অ্যাডাম জাম্পা, নাথান এলিস ও ম্যাট রেনশ নেন একটি করে উইকেট।
এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটি এখন বাংলাদেশের জন্য শুধু হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।



















