প্রশ্নফাঁস কাণ্ডে পিএসসির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও রেলওয়ের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসির দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন পিএসসির প্রোগ্রামার কৌশিক দেবনাথ এবং ডেসপ্যাচ রাইডার শরীফুল ইসলাম ভূঁইয়া।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত অনুসন্ধানে প্রশ্নফাঁস চক্রের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসার পর এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে একই ঘটনায় আলোচিত প্রশ্নফাঁস চক্রের অন্যতম মূলহোতা আবেদ আলী ও তার ছেলে সিয়ামসহ কয়েকজনের নাম তদন্তে উঠে আসে। তাদের মধ্যে অনেকেই বর্তমানে কারাগারে রয়েছেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি মুদ্রণ প্রতিষ্ঠান বিজি প্রেস থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে চক্রটির কাছে পৌঁছে দেওয়ার কাজে জড়িত ছিলেন বাইন্ডার মজনু ও আকরাম। তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
অনুসন্ধানে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্রের মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্নপত্র ব্যবহার করে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন নানা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং প্রশ্নফাঁসের পুরো নেটওয়ার্ক উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




















