টানা ১০ ম্যাচ গোলহীন রোনালদো, তবু আস্থা হারাচ্ছেন না মার্তিনেজ
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে পুরো ম্যাচ খেলেও গোলের দেখা পাননি পর্তুগাল অধিনায়ক। তবে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হলেও রোনালদোর পাশেই দাঁড়িয়েছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেজ।
বুধবার (১৭ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ‘কে’ গ্রুপের ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পর্তুগাল। ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখলেও আক্রমণে ধারহীন ছিল ইউরোপের দলটি। আর সেই ব্যর্থতার প্রতিফলন দেখা যায় দলের প্রধান ভরসা রোনালদোর পারফরম্যান্সেও।
পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও খুব বেশি প্রভাব ফেলতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, ম্যাচে মাত্র ২৫ বার বল স্পর্শ করেছেন তিনি, যা পর্তুগালের হয়ে কোনো বড় টুর্নামেন্টে পূর্ণ সময় খেলার ক্ষেত্রে তার ক্যারিয়ারের সর্বনিম্ন। তিনটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি।
এ ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচে গোলশূন্য থাকলেন রোনালদো। এই সময়ে তিনি মোট ৩৩টি শট নিয়েছেন, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। কিন্তু কোনোবারই জালের দেখা পাননি।
তবে ম্যাচ শেষে রোনালদোর সমালোচনায় না গিয়ে দলের সামগ্রিক ব্যর্থতাকেই সামনে এনেছেন কোচ মার্তিনেজ। তার মতে, অধিনায়ককে পর্যাপ্ত বল সরবরাহ করতে না পারাটাই ছিল বড় সমস্যা।
মার্তিনেজ বলেন, “যখন আপনার গোলের প্রয়োজন, তখন বিশ্বের অন্যতম সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো যুক্তি নেই। ক্রিস্টিয়ানোর অভিজ্ঞতা এবং ডি-বক্সে তার উপস্থিতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে প্রতিপক্ষের ডিফেন্ডারদের নিজের দিকে টেনে নেয়, ফলে অন্যদের জন্য জায়গা তৈরি হয়।”
ম্যাচের বিভিন্ন সময়ে পরিবর্তন আনলেও রোনালদোকে পুরো সময় মাঠে রাখেন পর্তুগাল কোচ। তার বিশ্বাস, গোলের খোঁজে থাকা একটি দলের জন্য রোনালদোর মতো খেলোয়াড় এখনো অপরিহার্য।
তিনি আরও বলেন, “প্রত্যেক খেলোয়াড়ের আলাদা ভূমিকা থাকে। আর যখন গোল দরকার হয়, তখন ক্রিস্টিয়ানোকে মাঠে রাখতেই হবে। এমন মুহূর্তে তার অভিজ্ঞতার বিকল্প নেই।”
প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ড্রয়ের পর এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ পর্তুগালের সামনে। গ্রুপ পর্বে তাদের বাকি দুটি ম্যাচ উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে। সেই ম্যাচগুলোতে রোনালদো নিজের গোলখরা কাটিয়ে দলকে জয়ে ফেরাতে পারেন কি না, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।



















