টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শরীফা হক।
সোমবার (১১ মে) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় একটি ভেকু ও মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক আটক করা হয়। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানে ঘটনাস্থল থেকে চারটি ভেকু এবং মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকের ব্যাটারি জব্দ করা হয়।
অন্যদিকে কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলি ব্রিজসংলগ্ন মহেলা এলাকায় অভিযান চালিয়ে বালু পরিবহনের জন্য তৈরি করা অবৈধ মাটির রাস্তা কেটে ফেলা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি), পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ও কালিহাতি থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসক শরীফা হক জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















