তনু হত্যা: : রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে তাকে কুমিল্লা কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমান।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়। পরে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে বলেও জানান তিনি।
এর আগে, গত মঙ্গলবার দীর্ঘ ১০ বছর পর এ মামলায় অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালে তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এদিকে, গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের—জাহিদ (অবসরপ্রাপ্ত সার্জেন্ট), হাফিজুর রহমান (ওয়ারেন্ট অফিসার) এবং শাহিনুল আলম (সৈনিক)—ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চান।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় এখন পর্যন্ত ৮০টি ধার্য তারিখ অতিক্রান্ত হয়েছে এবং চারটি সংস্থার মোট সাতজন তদন্ত কর্মকর্তা তদন্ত কার্যক্রম পরিচালনা করেছেন।






















