জামালপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে তিন জনের মৃত্যুদণ্ড
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে
জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর শহরের খুপিবাড়ী এলাকার বুলবুল আহমেদ (৪৫), কালাম মাক্কু (৫০) ও রুকু (৫৫)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত ১০টার দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে অপহরণ করা হয়। পরে বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুকু তাকে বুলবুলের বাড়িতে নিয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, সেখানে রুকুর সঙ্গে ভুক্তভোগীর জোরপূর্বক বিয়ের চেষ্টা করা হয় এবং একপর্যায়ে তিনজন মিলে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে।
পরদিন ভুক্তভোগী বিষয়টি স্বামীকে জানানোর পর তিনি জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।























