আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি কমাতে এবার নতুন সমাধান আনছে Air New Zealand। ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্য চালু হচ্ছে ‘বাঙ্ক বেড’ বা দোতলা শয্যার বিশেষ ব্যবস্থা, যার নাম দেওয়া হয়েছে ‘স্কাইনেস্ট’ স্লিপিং পড।
সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে এই নতুন পরিষেবার আনুষ্ঠানিক উন্মোচন করে অকল্যান্ডভিত্তিক এই বিমান সংস্থা। এতদিন দীর্ঘ আন্তর্জাতিক ফ্লাইটে ইকোনমি যাত্রীদের বসে বসেই রাত কাটাতে হত। সেই অস্বস্তি দূর করতেই এই উদ্যোগ।

এর আগে ‘স্কাই কাউচ’ চালু করেছিল এয়ার নিউজিল্যান্ড, যেখানে তিনটি আসন মিলিয়ে সমতল করে ঘুমানোর ব্যবস্থা করা যেত। এবার তারা আরও এক ধাপ এগিয়ে সরাসরি বাঙ্ক বেড নিয়ে এল। নীলচে-বেগুনি আলোয় সাজানো এই পডগুলো দেখতে অনেকটা ট্রেনের স্লিপার বার্থের মতো। প্রতিটি ব্লকে মোট ছয়টি শয্যা—একটির ওপর আর একটি।
সংস্থার তথ্য অনুযায়ী, Boeing 787-9 Dreamliner বিমানে এই সুবিধা মিলবে। আগামী নভেম্বর থেকে নিউইয়র্ক-অকল্যান্ড রুটের প্রায় ১৭ ঘণ্টার দীর্ঘ উড়ানে পরিষেবাটি চালু হবে। প্রায় ৯ হাজার মাইল পথের এই যাত্রায় যাত্রীরা চার ঘণ্টার জন্য পড বুক করতে পারবেন।
প্রতিটি পডে থাকবে নরম তোশক, বালিশ, কম্বল, ব্যক্তিগত গোপনীয়তার জন্য পর্দা এবং মোবাইল চার্জের জন্য ইউএসবি পোর্ট। ফলে মাঝ আকাশেই স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নেওয়া সম্ভব হবে।
তবে এই আরামের জন্য বাড়তি খরচও রয়েছে। ইকোনমি টিকিটের বাইরে চার ঘণ্টার স্লটের জন্য গুনতে হবে প্রায় ৪৯৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৫০ হাজার টাকার কাছাকাছি)। আগেভাগেই বুকিং করতে হবে এই পড। নির্দিষ্ট সময় শেষ হলে আলো জ্বলে উঠবে, প্রয়োজনে বিমানকর্মীরাও যাত্রীকে জাগিয়ে দেবেন। এরপর পরবর্তী যাত্রীর জন্য পরিষ্কার করতে নেওয়া হবে প্রায় ৩০ মিনিট।
এয়ার নিউজিল্যান্ডের এই উদ্যোগ দেখে অন্যান্য বিমান সংস্থাও আগ্রহী হয়ে উঠছে। United Airlines ‘রিল্যাক্স রো’ চালুর পরিকল্পনা করছে। পাশাপাশি Vietnam Airlines এবং Azul Brazilian Airlines ইতিমধ্যেই যাত্রীদের আরাম বাড়াতে নতুন ধরনের সিটিং ব্যবস্থা চালু করেছে।
সব মিলিয়ে, মাঝ আকাশে ঘুমের এই নতুন আয়োজন বিমান ভ্রমণের অভিজ্ঞতাকেই বদলে দিতে চলেছে—বিশেষ করে ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্য।





















