তিন মাস ধরে নেতৃত্বহীন রাজশাহী নার্সিং কলেজ, আন্দোলনে শিক্ষার্থীরা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
রাজশাহী নার্সিং কলেজে দীর্ঘদিন অধ্যক্ষ না থাকায় প্রশাসনিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ অবস্থার প্রতিবাদে শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা, যা চলে দুপুর ১২টা পর্যন্ত।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় তিন মাস ধরে প্রতিষ্ঠানটি ‘অভিভাবকশূন্য’ অবস্থায় রয়েছে। এতে কলেজের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা জানান, স্টাফদের বেতন পরিশোধ, শিক্ষার্থীদের স্টাইপেন্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি রাশিদুল ইসলাম বলেন, “প্রিন্সিপ্যাল না থাকায় কলেজে নানা জটিলতা তৈরি হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।”
কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সমস্যার সমাধান দাবি করেন। এতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সও একাত্মতা প্রকাশ করে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, “শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। দ্রুত অধ্যক্ষ নিয়োগ দিয়ে কলেজের কার্যক্রম স্বাভাবিক করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের ক্ষতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।”
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।



























