ভারতে পালানোর সময় আটক সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশ ছাড়ছেন দলের এমপি-মন্ত্রীরা। বৈধপথ এড়িয়ে সীমান্তের তারকাঁটা পেরিয়ে অনেকে পালিয়ে যাচ্ছেন ভারতে। এরমধ্যে উল্লেখ্যযোগ রুট ঝিনাইদহের জেলার মহেশপুর সীমান্ত। এ সীমান্ত দিয়ে গত দেড় মাসে বিজিবির হাতে আটক হয়েছেন অনেকেই।
এবার সেই তালিকায় যুক্ত হলো খুলনা-৫ আসনের টানা ৩ বারের এমপি নারায়ণ চন্দ্র চন্দ। অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক এই ভূমিমন্ত্রী আটক হয়েছেন বিজিবির হাতে।
রোববার (৬ অক্টোবর) রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো বার্তায় জানানো হয়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছু দিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।





















