সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আইন উপদেষ্টা
গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ২৮২ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। সরকার সিদ্ধান্ত নিয়েছে এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, গণহত্যা ও গুলি বর্ষণের ঘটনায় বিচার হবে, মামলা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা সেটি খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে।
ড. আসিফ নজরুল জানান, সারাদেশে দায়ের হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা তিনদিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও তা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় তা সম্ভব হয়নি। এখন পুলিশ যোগ দিয়েছে, আশাকরি ৩১ আগস্টের মধ্যেই সব মামলা প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে। সাংবাদিক রোজিনা ইসলাম ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদর রহমান মান্নার মামলা বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার হবে।


















