ইসলামপুরে স্বর্ণের দোকানে হামলা, স্বর্ণকারের মৃত্যু; আটক ১

- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে অমৃত দাশ (৩৫) নামে এক স্বর্ণকারের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়ার চর খাটিয়ামারী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাশেদ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
নিহত অমৃত সরকার বেলগাছা ঘোনাপাড়া এলাকার অমল সরকারের ছেলে। তিনি মন্নিয়ারচর বাজারে স্বর্ণের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অমৃত সরকার ও রাশেদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার খাটিয়ামারী বাজারে অমৃতের স্বর্ণের দোকানে গিয়ে তাঁর ওপর হামলা চালান রাশেদ। এতে গুরুতর আহত হন অমৃত। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত রাশেদকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পূর্ববিরোধের জেরে অমৃত ও রাশেদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদ ধারালো অস্ত্র দিয়ে অমৃতকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।























