কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর বুধবার কুষ্টিয়া ও যশোর সফরে যাচ্ছেন। সফরে তিনি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্রেসিডেন্ট প্যারেডে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি কুষ্টিয়ায় তিনটি কর্মসূচিতে অংশ নেবেন।
বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সফরের বিস্তারিত সূচি তুলে ধরা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, ২ ডিসেম্বর সকাল ১০টায় যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত ‘প্রেসিডেন্ট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবেন।
দুপুর ২টায় কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ঈদগাহ ময়দান-সংলগ্ন এলাকায় ‘গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করবেন সরকারপ্রধান। এ সময় সেখানে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
পরে বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে ‘ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরের সব কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।






















