মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল

- সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
একই মৌজায় জমির অবস্থান ও শ্রেণিভেদে আলাদা মূল্য নির্ধারণের সুযোগ; তিন বছর কার্যকর থাকবে নতুন মূল্যতালিকা, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের প্রস্তুতি কক্সবাজারে
জমি কেনাবেচা ও দলিল নিবন্ধনে দীর্ঘদিনের মৌজা রেইটের অসংগতি দূর করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে শুধু মৌজাভিত্তিক একক মূল্য নয়, বরং জমির অবস্থান, শ্রেণি, ব্যবহার, যোগাযোগব্যবস্থা ও সাম্প্রতিক ক্রয়-বিক্রয়ের তথ্য বিবেচনায় নেওয়া হবে। এ জন্য সংশোধন করা হয়েছে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’। নতুন বিধিমালায় জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে পৃথক কমিটি গঠন এবং নির্ধারিত বাজারমূল্যের তালিকা তিন বছর কার্যকর রাখার বিধান করা হয়েছে।
গত ১০ নভেম্বর নিবন্ধন অধিদপ্তরের জারি করা এক প্রজ্ঞাপনে রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৯০৮-এর ৬৯ ধারার ক্ষমতাবলে এ সংশোধনী আনা হয়। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।
নতুন বিধিমালার প্রভাব কক্সবাজারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, জেলার বিভিন্ন এলাকায় সরকারি মৌজা রেইটের সঙ্গে বাস্তব বাজারদরের বড় ব্যবধান রয়েছে বলে অভিযোগ জমির ক্রেতা-বিক্রেতাদের। কোথাও প্রকৃত বাজারমূল্যের কয়েক গুণ বেশি মূল্য ধরে দলিল নিবন্ধন করতে হচ্ছে। এতে বাড়ছে নিবন্ধন ব্যয়, বাধাগ্রস্ত হচ্ছে জমি কেনাবেচা।
একই মৌজায় একাধিক মূল্য নির্ধারণের সুযোগ
নতুন বিধিমালা অনুযায়ী, পৌরসভা এলাকার জমির বাজারমূল্য নির্ধারণ করবে জেলা কমিটি। পৌরসভার বাইরের অন্যান্য এলাকার জন্য দায়িত্ব পালন করবে সংশ্লিষ্ট উপজেলা কমিটি। উপজেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক।
জমির বাজারমূল্য নির্ধারণে ছয়টি বিষয়কে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো—জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান; যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সুবিধা; সরকারি মালিকানাধীন সম্পত্তির নির্ধারিত বাজারমূল্য; সরকারি বিভিন্ন সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত মূল্য; স্থানীয় বাজার অনুসন্ধান ও অন্যান্য যৌক্তিক প্রক্রিয়ায় পাওয়া তথ্য-উপাত্ত এবং পূর্ববর্তী নিবন্ধিত দলিল ও সাম্প্রতিক ক্রয়-বিক্রয়ের তথ্য।
বিধিমালার গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, একই মৌজার সব জমির জন্য আর একক মূল্য নির্ধারণ করতে হবে না। জমির অবস্থান ও বৈশিষ্ট্যের ভিত্তিতে একাধিক ক্লাস্টার বা শ্রেণিতে ভাগ করে মূল্য নির্ধারণ করা যাবে। ফলে রাস্তার পাশের জমি, বাজারসংলগ্ন এলাকা, আবাসিক ও বাণিজ্যিক জমি কিংবা অপেক্ষাকৃত অভ্যন্তরীণ এলাকার জমির মূল্য আলাদাভাবে নির্ধারণের সুযোগ তৈরি হয়েছে।
তিন বছর কার্যকর থাকবে মূল্যতালিকা
নতুন বিধিমালা অনুযায়ী, নির্ধারিত বাজারমূল্যের তালিকা পরবর্তী তিন বছর কার্যকর থাকবে। মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন তালিকা প্রস্তুত করতে হবে। এ জন্য প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করে মূল্যতালিকা তৈরির বিধান রাখা হয়েছে।
প্রস্তুত করা তালিকা ১৫ ডিসেম্বরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন-এর কাছে পাঠাতে হবে। তালিকা পাওয়ার পর ১৫ দিনের মধ্যে তা চূড়ান্ত করে আদেশ জারি করবেন মহাপরিদর্শক। তবে তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো নির্দিষ্ট এলাকার স্থাবর সম্পত্তির বাজারমূল্যে যৌক্তিক পরিবর্তন ঘটলে কমিটি মহাপরিদর্শক, নিবন্ধনের পূর্বানুমতি নিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করতে পারবে।
দলিল নিবন্ধনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতের ডিক্রিজারির মাধ্যমে সম্পাদিত দলিলের ক্ষেত্রে আদালতে প্রদর্শিত মূল্য বিবেচনায় নেওয়া হবে। অন্যদিকে, বায়নানামায় উল্লেখ করা মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়ে কম হলে বিক্রয় দলিল সম্পাদনের সময়কার নির্ধারিত বাজারমূল্য অনুযায়ী নিবন্ধন হবে। আর বায়নানামায় উল্লেখিত মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়ে বেশি হলে বায়নানামার মূল্যই বিবেচনায় নেওয়া হবে।
নির্ধারিত বাজারমূল্যের তালিকা মহাপরিদর্শক, নিবন্ধনের কার্যালয়, জেলা ও দায়রা জজের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এবং সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর ওয়েবসাইটেও তালিকা প্রকাশের বিধান রাখা হয়েছে।
বাজারদরের চেয়ে কয়েক গুণ বেশি মৌজা রেইট
কক্সবাজার পৌরসভায় জমির প্রকৃত বাজারদর ও সরকারি মৌজা রেইটের ব্যবধানের কারণে জমি বিক্রি করতে সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন ঈদগাঁও থেকে দলিল নিবন্ধনের কাজে আসা মনিরুল ইসলাম।
তিনি জানান, কক্সবাজার পৌরসভায় তাঁর এক টুকরো জমি রয়েছে। জমিটির প্রকৃত বাজারমূল্য প্রতি গণ্ডা প্রায় ২০ লাখ টাকা। অথচ প্রচলিত সরকারি মৌজা রেইট অনুযায়ী দলিলে প্রতি গণ্ডা প্রায় ৬০ লাখ টাকা মূল্য দেখাতে হচ্ছে।
মনিরুল ইসলাম বলেন, ক্রেতারা জমিটি কিনতে আগ্রহী হলেও দলিল নিবন্ধনে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা খরচ হচ্ছে। এর বাইরে অন্যান্য খরচও রয়েছে। ফলে ক্রেতারা পিছিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে এ সমস্যায় রয়েছেন তিনি। মেয়ের বিয়ের জন্য জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন হলেও জমিটি বিক্রি করতে পারছেন না।
তিনি আরও বলেন, আগামী নতুন বছর থেকে নতুন নিয়মে জমির বাজারমূল্য নির্ধারণ করা হবে বলে জানতে পেরেছেন। প্রকৃত বাজারমূল্য অনুযায়ী দলিল নিবন্ধন শুরু হলে তাঁর মতো জমির মালিকেরা উপকৃত হবেন। নিবন্ধন ব্যয়ের চাপ কমলে জমি বিক্রিও সহজ হবে বলে আশা করছেন তিনি।
দলিল লেখকদের অভিযোগ, রেইট নির্ধারণে ছিল বড় তারতম্য
কক্সবাজার জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুল হোছাইন বলেন, জেলায় মৌজা রেইট নির্ধারণে দীর্ঘদিন ধরে বড় ধরনের তারতম্য রয়েছে। বর্তমানে কক্সবাজার পৌরসভা মৌজায় প্রচলিত মৌজা রেইট অনুযায়ী প্রতি গণ্ডা নাল জমির মূল্য প্রায় ২৮ লাখ টাকা, ভিটি জমি ৪৪ লাখ, বাড়ি শ্রেণির জমি ৫৮ লাখ এবং দোকান ভিটি শ্রেণির জমির মূল্য প্রায় ২ কোটি ২০ লাখ টাকা।
অথচ বাস্তব বাজারে অনেক ক্ষেত্রে কক্সবাজার পৌরসভা মৌজার জমি প্রতি গণ্ডা ১০ থেকে ১৫ লাখ টাকা দরে কেনাবেচা হচ্ছে। ফলে প্রকৃত ক্রয়মূল্যের তুলনায় অনেক বেশি সরকারি মূল্য ধরে দলিল নিবন্ধন করতে হচ্ছে। এতে নিবন্ধন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক ক্রেতা আর্থিক সংকটে পড়ছেন। কেউ কেউ অতিরিক্ত খরচের কারণে জমি কেনার সিদ্ধান্ত থেকেও সরে যাচ্ছেন।
আবুল হোছাইন বলেন, বাস্তব বাজারমূল্য কিংবা দাগভিত্তিক জমির অবস্থান বিবেচনায় নিয়ে মৌজা রেইট নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানানো হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে এলাকার সর্বোচ্চ মূল্যমানের জমির রেট পুরো পৌরসভা বা সংশ্লিষ্ট এলাকার ওপর প্রয়োগ করা হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, জমির বর্তমান অবস্থান ও বাস্তব বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে প্রতিটি এলাকার জমির শ্রেণি, দাগের অবস্থান, রাস্তা ও যোগাযোগব্যবস্থা এবং প্রকৃত ক্রয়-বিক্রয়ের তথ্য যথাযথভাবে পর্যালোচনা করা জরুরি।
গণশুনানির মাধ্যমে তথ্য সংগ্রহের প্রস্তুতি
কক্সবাজার জেলা রেজিস্ট্রেশন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন বিধিমালার আলোকে জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ ও দলিল নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি চলছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রচলিত সর্বনিম্ন মৌজা রেইট পদ্ধতির পরিবর্তে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
এ লক্ষ্যে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে গণশুনানি করে মতামত ও তথ্য সংগ্রহ করা হবে। ভূমি কর্মকর্তাদের মাধ্যমে জমির ব্যবহারভিত্তিক মূল্যায়নের পাশাপাশি জমির শ্রেণি, অবস্থান, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং সম্প্রতি নিবন্ধিত দলিলের মূল্য পর্যালোচনা করা হবে। স্থানীয় পর্যায়ে প্রকৃত ক্রয়-বিক্রয়মূল্য ও বাজার পরিস্থিতি সম্পর্কেও তথ্য নেওয়া হবে।
এসব তথ্য যাচাই-বাছাই করে নতুন বাজারমূল্যের তালিকা প্রস্তুত করা হবে। পরিকল্পনা অনুযায়ী, নতুন মূল্যতালিকা কার্যকর হলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সেই তালিকা অনুসারে জমির দলিল নিবন্ধন শুরু হবে।
বাস্তবায়নেই নির্ভর করছে সুফল
কক্সবাজারের পর্যটন, আবাসন, বাণিজ্যিক সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নের কারণে জেলার বিভিন্ন এলাকায় জমির বাজারমূল্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। কক্সবাজার পৌরসভা ছাড়াও ঝিলংজা, খুরুশকুল, চৌফলদণ্ডী, পিএমখালী, ভারুয়াখালী ও ঈদগাঁওসহ বিভিন্ন এলাকায় জমির অবস্থান ও ব্যবহার অনুযায়ী বাজারদরের ভিন্নতা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এসব এলাকার বাস্তব বাজার পরিস্থিতি যাচাই না করে কেবল মৌজাভিত্তিক গড় বা সর্বোচ্চ মূল্য ধরে তালিকা তৈরি করা হলে পুরোনো অসংগতি থেকেই যেতে পারে। তাই বাজারমূল্য নির্ধারণ কমিটিগুলোকে নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ, সরেজমিন অনুসন্ধান এবং প্রকৃত ক্রয়-বিক্রয়ের দলিল পর্যালোচনা করতে হবে। একই সঙ্গে জমির মালিক, ক্রেতা, দলিল লেখক ও স্থানীয় প্রতিনিধিদের মতামত নেওয়াও জরুরি।
সরকারি মৌজা রেইট প্রকৃত বাজারদরের কাছাকাছি নির্ধারণ করা গেলে অযৌক্তিক নিবন্ধন ব্যয়ের চাপ কমতে পারে। পাশাপাশি জমির দলিল নিবন্ধনে স্বচ্ছতা বাড়বে এবং ক্রেতা-বিক্রেতাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের সুযোগ তৈরি হবে। তবে নতুন বিধিমালার সুফল শেষ পর্যন্ত নির্ভর করবে বাজারমূল্য নির্ধারণে তথ্যের নির্ভুলতা, কমিটির নিরপেক্ষতা এবং মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের ওপর।






















