নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে

- সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ইস্কন্দর মির্জার মরদেহও নেয়নি পাকিস্তান, সৌদি আরবে শেষনিশ্বাস ইদি আমিনের; চার বছর পর দেশে ফেরে মার্কোসের দেহাবশেষ, ১৫ বছর পর ফেরেন থাকসিন
ক্ষমতার শীর্ষে থাকা রাষ্ট্রনেতাদের জীবনেও কখনো কখনো আসে নাটকীয় পতন। সামরিক অভ্যুত্থান, গণ-আন্দোলন কিংবা রাজনৈতিক ও আইনি সংকটের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন অনেক শাসক। একসময় যাঁদের সিদ্ধান্তে রাষ্ট্র পরিচালিত হতো, ক্ষমতা হারানোর পর তাঁদের কারও ঠাঁই হয়েছে বিদেশের আশ্রয়ে, কারও দেশে ফেরার স্বপ্ন অপূর্ণই থেকে গেছে। আবার কেউ নির্বাসন কাটিয়ে স্বদেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হয়েছেন, এমনকি পুনরায় ক্ষমতার কেন্দ্রেও ফিরেছেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ও দেশে ফেরার আলোচনা ঘিরে বিশ্বরাজনীতির এমন কয়েকটি ঘটনা নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইতিহাসে দেখা যায়, ক্ষমতাচ্যুত নেতাদের নির্বাসিত জীবনের পরিণতি এক রকম নয়। কেউ জীবদ্দশায় আর দেশে ফিরতে পারেননি, কারও মরদেহও স্বদেশে জায়গা পায়নি। আবার কারও প্রত্যাবর্তন ঘটেছে মৃত্যুর পর। কয়েকজনের গল্প তুলে ধরা হলো এ প্রতিবেদনে।
পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কন্দর আলী মির্জা
পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কন্দর আলী মির্জার ক্ষমতার মেয়াদ ছিল দুই বছরের কিছু বেশি। ১৯৫৬ সালে দেশটির সংবিধান কার্যকর হওয়ার পর তিনি প্রেসিডেন্ট হন। ১৯৫৮ সালের ৭ অক্টোবর রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে সামরিক আইন জারি করেন এবং সেনাপ্রধান জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ দেন। কিন্তু মাত্র তিন সপ্তাহের মধ্যে আইয়ুব খানের নেতৃত্বে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। প্রথমে কোয়েটা, পরে লন্ডনে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হন।
নির্বাসিত অবস্থায়ও দেশে ফেরার আশা ছাড়েননি ইস্কন্দর। তবে সেই আশা পূরণ হয়নি। ১৯৬৯ সালের ১২ নভেম্বর লন্ডনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সে মারা যান তিনি। তাঁর মরদেহ পাকিস্তানে সমাহিত করার অনুমতি দেয়নি তৎকালীন সামরিক সরকার। পরে ইরানের তৎকালীন শাহের সহযোগিতায় তাঁর মরদেহ তেহরানে নেওয়া হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
‘কাম্পালার কসাই’ ইদি আমিন
আফ্রিকার ইতিহাসে আলোচিত স্বৈরশাসকদের একজন উগান্ডার সাবেক প্রেসিডেন্ট ইদি আমিন। ১৯৭১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তিনি। ১৯৭১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তাঁর শাসনামলে রাজনৈতিক দমন-পীড়ন, হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এ কারণে তাঁকে ‘কাম্পালার কসাই’ নামে অভিহিত করা হয়। বিভিন্ন হিসাব অনুযায়ী, তাঁর শাসনামলে বিপুলসংখ্যক মানুষ নিহত হন; তবে নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে।
১৯৭৮ সালের শেষ দিকে প্রতিবেশী তানজানিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হলে আমিনের অবস্থান দুর্বল হয়ে পড়ে। তানজানিয়ার সেনাবাহিনী ও উগান্ডার নির্বাসিত বিরোধী গোষ্ঠীর যৌথ অভিযানে ১৯৭৯ সালের এপ্রিলে রাজধানী কাম্পালা দখল হয়। ক্ষমতা হারিয়ে প্রথমে লিবিয়া, পরে সৌদি আরবে আশ্রয় নেন তিনি।
২০০৩ সালের ১৬ আগস্ট সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে একাধিক অঙ্গ বিকল হয়ে মারা যান ইদি আমিন। জীবনের শেষ দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁর দেশে ফেরার বিষয়টি আলোচনায় এলেও তিনি আর উগান্ডায় ফিরতে পারেননি।
তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক জীবনেও রয়েছে ক্ষমতা, পতন ও নির্বাসনের একাধিক অধ্যায়। তিনবার প্রধানমন্ত্রী হলেও কোনো মেয়াদই পূর্ণ করতে পারেননি তিনি।
১৯৯৯ সালে সেনাপ্রধান পারভেজ মোশাররফের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন নওয়াজ। পরে বিভিন্ন অভিযোগে সাজা হলেও সৌদি আরবের মধ্যস্থতায় ২০০০ সালে মুক্তি পান। শর্তসাপেক্ষে দেশ ছেড়ে সৌদি আরবে নির্বাসিত জীবন শুরু করেন। ২০০৭ সালে দেশে ফেরার চেষ্টা করলেও তাঁকে বিমানবন্দর থেকেই আটক করে আবার সৌদি আরবে পাঠানো হয়। পরে ওই বছরই পাকিস্তানে ফেরার সুযোগ পান।
২০১৩ সালে তৃতীয়বার প্রধানমন্ত্রী হন নওয়াজ। তবে পানামা পেপারস প্রকাশের পর তাঁর পরিবারের বিদেশে থাকা সম্পদ নিয়ে বিতর্ক তৈরি হয়। ২০১৭ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে তিনি প্রধানমন্ত্রীর পদ হারান। পরে দুর্নীতির মামলায় সাজা হয় তাঁর।
২০১৯ সালের নভেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান নওয়াজ। সেই যাত্রা দীর্ঘ চার বছরের প্রবাসে পরিণত হয়। ২০২৩ সালের ২১ অক্টোবর পাকিস্তানে ফিরে আসেন তিনি। তাঁর বিরুদ্ধে চলা মামলাগুলোতে আইনি লড়াই চালিয়ে যান।
ফার্দিনান্দ মার্কোস: জীবদ্দশায় ফেরা হয়নি, ফিরেছে মরদেহ
ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস প্রায় দুই দশক দেশ শাসন করেন। ১৯৬৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ১৯৭২ সালে সামরিক আইন জারি করেন। দীর্ঘ শাসনামলে তাঁর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের অভিযোগ ওঠে।
১৯৮৩ সালে বিরোধী নেতা বেনিগনো অ্যাকুইনো হত্যাকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৯৮৬ সালে গণ-আন্দোলনের মুখে মার্কোস পরিবারসহ যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে চলে যেতে বাধ্য হন। জীবিত অবস্থায় আর দেশে ফেরা হয়নি তাঁর।
১৯৮৯ সালের ২৮ সেপ্টেম্বর হাওয়াইয়ে নির্বাসিত অবস্থায় মারা যান মার্কোস। প্রথমে তাঁর মরদেহ দেশে ফেরানোর অনুমতি দেওয়া হয়নি। পরে ১৯৯৩ সালের ৫ সেপ্টেম্বর মরদেহ ফিলিপিন্সে ফিরিয়ে নেওয়া হয়। তবে তাঁকে জাতীয় বীরদের সমাধিস্থলে সমাহিত করা হয়নি; পরিবারের এলাকায় সমাধিতে রাখা হয়। ২০১৬ সালের ১৮ নভেম্বর তৎকালীন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের আমলে তাঁর মরদেহ ম্যানিলার ‘লিবিনগান নাং মাঙ্গা বায়ানি’তে সমাহিত করা হয়। এ সিদ্ধান্ত ঘিরে দেশটিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।
থাকসিন সিনাওয়াত্রা: ১৫ বছর পর দেশে প্রত্যাবর্তন
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার নির্বাসিত জীবনও ছিল নানা রাজনৈতিক নাটকীয়তায় ভরা। ২০০১ সালে প্রধানমন্ত্রী হন তিনি। ২০০৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তাঁর পরিবারের মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান শিন করপোরেশনের শেয়ার বিক্রি ও করসংক্রান্ত বিতর্কে রাজনৈতিক চাপ বাড়ে।
২০০৬ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন থাকসিন। এরপর যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থান করেন। ২০০৭ সালে তাঁর রাজনৈতিক জোট নির্বাচনে জয়ী হলেও পরবর্তী সময়ে দুর্নীতির মামলার মুখোমুখি হন তিনি। দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও থাইল্যান্ডের রাজনীতিতে তাঁর প্রভাব বজায় ছিল। তাঁর বোন ইংলাক সিনাওয়াত্রা ২০১১ সালে প্রধানমন্ত্রী হন।
প্রায় ১৫ বছর নির্বাসিত থাকার পর ২০২৩ সালের ২২ আগস্ট দেশে ফেরেন থাকসিন। দেশে ফেরার পর আদালত তাঁকে আট বছরের কারাদণ্ড দেন। পরে রাজকীয় ক্ষমায় সাজা কমিয়ে এক বছর করা হয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে আদালত আগের সাজা যথাযথভাবে ভোগ না করার প্রশ্নে তাঁকে এক বছরের কারাদণ্ড কার্যকরের নির্দেশ দেন। ফলে দেশে ফেরার পরও তাঁর আইনি জটিলতা শেষ হয়নি।
নির্বাসনের পরিণতি এক নয়
ক্ষমতাচ্যুত এসব নেতার অভিজ্ঞতা দেখায়, নির্বাসন কারও জন্য স্থায়ী বিচ্ছিন্নতা, কারও জন্য সাময়িক রাজনৈতিক বিরতি, আবার কারও ক্ষেত্রে দেশে ফিরে আইনি লড়াইয়ের নতুন অধ্যায়। ইস্কন্দর মির্জা ও ইদি আমিন আর জীবিত অবস্থায় স্বদেশে ফিরতে পারেননি। ফার্দিনান্দ মার্কোসের মরদেহ ফিরেছে মৃত্যুর পর। নওয়াজ শরিফ ও থাকসিন সিনাওয়াত্রা দীর্ঘ প্রবাস শেষে দেশে ফিরেছেন, তবে তাঁদের রাজনৈতিক ও আইনি বাস্তবতা এক নয়।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও এখন আলোচনার কেন্দ্রে রয়েছে দেশে ফেরার ঘোষণা ও প্রত্যর্পণ প্রক্রিয়া। তাঁর পক্ষ থেকে ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানানো হয়েছে। অন্যদিকে ভারত বলেছে, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে। স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টিকে প্রত্যর্পণ অনুরোধ থেকে আলাদা বলেও উল্লেখ করেছে দেশটি। ফলে তাঁর প্রত্যাবর্তনের বিষয়টি এখনো অনিশ্চিত।























