‘ওসি ঠিক তো সব ঠিক’—নারীকে বাসায় ডাকলেন দাগনভূঞার ওসি, ছড়াল ফোনালাপ

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
যাতায়াতের পথ ও ভাড়া বুঝিয়ে দেওয়ার অডিও ভাইরাল; নারী বলছেন, থানাহাজতে শ্লীলতাহানির শিকার হয়েছেন, ওসির দাবি ‘গ্রেপ্তারের কৌশল’
‘ওসি ঠিক তো সব ঠিক’—এ কথা বলে এক নারীকে নিজের বাসায় আসার আমন্ত্রণ জানিয়েছেন ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। শুধু বাসায় আসতে বলেই ক্ষান্ত হননি, কোন পথে আসতে হবে, কোথায় গাড়ি বদলাতে হবে, কত টাকা ভাড়া লাগবে—সবই বুঝিয়ে দিয়েছেন। এমনকি ওই নারী পৌঁছালে গাড়িভাড়া পরিশোধের আশ্বাসও দিয়েছেন তিনি।
ওসির সঙ্গে ওই নারীর কথোপকথনের দুটি কল রেকর্ড মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অডিওতে শোনা কথাবার্তার পাশাপাশি ওই নারীর তোলা শ্লীলতাহানির অভিযোগ এবং ওসির দেওয়া ব্যাখ্যাও নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
ফোনালাপের অপর প্রান্তে থাকা নারী দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনি। দুটি রেকর্ডের একটিতে ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটিতে ৬ মিনিট ২০ সেকেন্ডের কথোপকথন রয়েছে। প্রথমটিতে ওসিকে বারবার তাঁকে নিজের বাসায় আসতে বলতে শোনা যায়। দ্বিতীয়টিতে টাকাপয়সা, মামলা, তুহিন ও পারভেজ নামের ব্যক্তিদের নিয়ে তাঁদের কথা হয়। সেখানে নিজের পরিবারের সদস্যদের অসুস্থতা ও নানা সমস্যার কথাও তুলে ধরেন সনি।
বাসায় আসার পথ, গাড়িভাড়া—সবই বুঝিয়ে দিলেন ওসি
প্রথম ফোনালাপের শুরুতে ওসি ফয়জুল আজীম নোমান সনিকে বাইরে বের হওয়ার কথা বলেন। এরপর তাঁর বাসায় যাওয়ার পথ বুঝিয়ে দেন। ওসি বলেন, ‘তোমার বাসার সামনে থেকে, ওই যে থানার কথা বলবা, একটু ফাঁকা জায়গা থেকে একটা সিএনজিতে উঠবা।’
পরে থানার দিকে যেতে বলে রাস্তার বর্ণনা দেন তিনি। বলেন, ‘মসজিদ দেখছ না হাতের বাম পাশে? এই মসজিদের দিকে একটা রাস্তা ঢুকছে। এই সোজা রাস্তার মাথায় আসলে আবার আমারে কল দিবা। একবারে সোজা আমার বাসা।’
যাতায়াতের ভাড়া নিয়েও কথা হয় দুজনের। ওসি বলেন, ‘বাজার থেকে আসলে সিএনজিতে আইবা। ১০০ টাকা দিলে হয়। যদি বলে ২০০ টাকা, দিবা।’
এ সময় সনি ওসির বাসায় যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং ভিডিও কল না দেওয়ার প্রসঙ্গ আনেন। জবাবে ওসি বলেন, ‘তোমার লোকেশন তো দেখতেছি রামানন্দপুর।’
সনি রামানন্দপুরে থাকার কথা অস্বীকার করে বলেন, ‘আল্লাহর কসম, একবারে আমার মরা মায়ের কসম, আঙ্কেল আপনি আমাকে বিশ্বাসই করলেন না।’ জবাবে ওসি বলেন, ‘আই বুঝি তোঁয়ার আঙ্কেল? তোমার মোবাইলে তো আমি এমনই লোকেশন দেখলাম। লোকেশন দেখতেছি যে ছয় নম্বর ওয়ার্ড রামানন্দপুর।’ সনি আবারও বলেন, ‘বিশ্বাস করেন, আমি রামানন্দপুর নাই।’
একপর্যায়ে ওসি তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘তো তোমারে বিশ্বাস না করার মতো এখনো কিছু কইছি নাকি?’ এরপর যাতায়াতের ব্যবস্থা করার কথা বলেন। তাঁর ভাষায়, ‘তুমি যেটা বেস্ট জানো, ওইটা একটা রিজার্ভ করো।’
এরপর ওসি বলেন, ‘সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক সব ঠিক—বোঝো নাই? তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা।’
‘আসলে পেমেন্ট করে দিব’
কথোপকথনের একপর্যায়ে সনি ওসিকে বারবার ফোন না দিতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আচ্ছা ঠিক আছে। এখন আর বারবার ফোন দিয়েন না। তাহলে আপু জিজ্ঞেস করবে কে ফোন দেয়, কেন ফোন দেয়।’
পরে সনি জানান, তিনি চৌদ্দগ্রাম থেকে অটোরিকশায় চৌদ্দগ্রাম বাজারে যাবেন। সেখান থেকে মিয়াবাজার হয়ে অন্য গাড়িতে আসবেন। তখন ওসি বলেন, ‘আমি ওই যে গুগল ম্যাপে দেখি, মিয়াবাজার থেকে কতক্ষণ লাগে। তুমি মিয়াবাজার থেকে যেভাবে আসতে, ডাইরেক্ট তাড়াতাড়ি আসা যায়।’
এরপরই ওসির আশ্বাস, ‘তুমি এখানে আসলে আমি পেমেন্ট করে দিব, অসুবিধা নাই।’
ফোনালাপের শেষ দিকে সনিকে রওনা হওয়ার পর জানাতে বলেন ওসি। সনিও মেসেজ দেওয়ার কথা জানান। কথোপকথনে সনির আসার সময় জানতে চেয়ে তাঁর জন্য অপেক্ষা করার কথাও শোনা যায়।
দুই লাখ টাকা, মামলা ও পারভেজকে নিয়ে কথোপকথন
দ্বিতীয় ফোনালাপের শুরুতে ওসি বলেন, ‘আমি এর জন্য ক্ষমা প্রার্থী।’ এরপর সনি তুহিন নামের এক ব্যক্তির প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, ওই ব্যক্তি টাকা চাইছেন এবং তাঁর বোনকে হুমকি-ধমকি দিচ্ছেন।
সনি দাবি করেন, একটি মামলায় জামিনের জন্য সেদিন থানায় দুই লাখ টাকা দিয়েছেন। কিন্তু তুহিনের কারণে তাঁর পরিবার আবারও সমস্যায় পড়েছে।
তিনি বলেন, ‘তুহিন ফোনে গালিগালাজ করল, পারভেজ একটা ক্রিমিনাল। একটা ক্রিমিনাল হয়েও পারভেজ কী করে আপনাদের কাছে ফোন করে?’ জবাবে ওসি বলেন, ‘না, আমার কাছে ফোন করে নাই।’
এরপর সনি দাগনভূঞা থানায় একাধিকবার যাওয়ার কথা উল্লেখ করে বলেন, তিনি জিডি করেছেন, অভিযোগ দিয়েছেন, তাঁর ফোনও নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু পারভেজকে গ্রেপ্তার করা হয়নি। তাঁর ভাষায়, ‘আমি দাগনভূঞা একবার না, বারবার গেছি। জিডি করছি, অভিযোগ করছি, আমার ফোন নিয়ে গেছে। কোনো দিন এই পারভেজ অ্যারেস্ট হয় নাই।’
পরে ওসি আবারও সনির সঙ্গে দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘তোমারে খালি একটু কথা বলি। দুনিয়া এখন দুনিয়া নাই, বুঝছনি? তুমি আসলে এই কথাটা কইয়া লইতাম।’
ওসি আরও বলেন, ‘তুমি যদি মনে করো যে এখানে কোনো রাজনৈতিক স্বার্থ, টাকাপয়সা—সবকিছুর বাইরে যদি চিন্তা করতে পারবা, তাহলে এর পর থেকে আমার সাথে যোগাযোগ রাখবা।’ এরপর তিনি বলেন, ‘নইলে তোমার জন্য যতটুকু ক্ষতি, আমার জন্য এর থেকে বেশি ক্ষতি।’
থানাহাজতে শ্লীলতাহানির অভিযোগ নারীর
দ্বিতীয় ফোনালাপে সনি নিজের বিরুদ্ধে মামলা, টাকা হারানো এবং পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আমি আপনারে একটা কথা বলি, আমি মামলা খাইলাম, আমার দুই লাখ টাকা গেল। এদিক দিয়ে তুহিন ঝামেলা করে থানার মধ্যে আমার বোনরে মারতে গেল।’
পারভেজকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘পারলে পারভেজকে অ্যারেস্ট করে দেখান। ফটিক মিয়ারে ধরলেই তো পারভেজ চলে আসে।’
কথোপকথনে নিজের সন্তানদের অসুস্থতার কথাও জানান সনি। তিনি বলেন, তাঁর ছেলে ও মেয়ে অসুস্থ। মেয়েকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা ভালো নয়। জবাবে ওসি বলেন, ‘এখন সব দোষ আমার ওপর ঝাড়তেছ, না?’ সনি বলেন, ‘না, না, আপনার ওপর আমি কেন ঝাড়মু? আমার ওই সাহস নাই আপনার ওপর ঝাড়ার।’
এর আগে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর ওসির সঙ্গে তাঁর কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।
অডিও প্রকাশের পর এক ভিডিওবার্তায় সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানাহাজতে ওসি তাঁর শ্লীলতাহানি করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার কথা বলেছেন। এ ঘটনার বিচারও দাবি করেন তিনি।
ওসির দাবি, গ্রেপ্তারের কৌশল হিসেবে কথাবার্তা
অভিযোগ ও অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান স্বীকার করেন, কল রেকর্ডের কথোপকথন তাঁরই। তবে তাঁর দাবি, আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বনের জন্য এসব কথাবার্তা হয়েছে।
ওসি বলেন, মূলত পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছেন। তাঁর বিরুদ্ধে টাকা লেনদেনসহ অন্য যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলোও সত্য নয় বলে দাবি করেন তিনি।
ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘ইতিমধ্যে কল রেকর্ডগুলো আমাদের নজরে এসেছে। সেগুলো ফ্যাক্টচেকিংয়ের জন্য পাঠানো হয়েছে। এ ধরনের কাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আগেও আদালতের নির্দেশে প্রত্যাহারের মুখে পড়েছিলেন ওসি
এর আগে গত আগস্টে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলা নিতে অস্বীকার করার অভিযোগে আদালত এ নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।
আদালতের ওই আদেশের পর অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তবে পরবর্তী সময়ে ওসিকে তাঁর স্বপদেই বহাল রাখা হয়।
বর্তমানে ছড়িয়ে পড়া ফোনালাপের বিষয়ে পুলিশ সুপার জানিয়েছেন, রেকর্ডগুলো যাচাই করা হচ্ছে। তবে অডিওর কথোপকথন, নারীর শ্লীলতাহানির অভিযোগ, দুই লাখ টাকা লেনদেনের দাবি এবং ওসির ‘গ্রেপ্তারের কৌশল’ সংক্রান্ত ব্যাখ্যা—সবকিছু নিরপেক্ষভাবে যাচাইয়ের বিষয়টি সামনে এসেছে। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আগে এসব অভিযোগের সত্যতা, ঘটনার সময়রেখা এবং সংশ্লিষ্ট নথি পরীক্ষা করা জরুরি।

























