চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাস মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে দূরপাল্লার কোনো রুটেই বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যে যেতে না পেরে বাস টার্মিনালে অপেক্ষা করছেন অনেক যাত্রী। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
সংশ্লিষ্টরা জানান, বাস মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে বিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। তবে সম্প্রতি তা বাড়িয়ে ১৫০ টাকা দাবি করছে মালিক সমিতি। এতে আপত্তি জানিয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।
চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সব বাস চলাচল বন্ধ নেই। চাঁদা আদায় নিয়ে কিছুটা ঝামেলা হয়েছে।


























