ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত

- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
চীনের পাশাপাশি ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নও সম্ভাব্য তালিকায়; দেশগুলোর শিল্পে সরকারি সহায়তাকে মার্কিন কোম্পানির জন্য ‘অন্যায্য প্রতিযোগিতা’ হিসেবে দেখছে ওয়াশিংটন
মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক ধাক্কার পরও বাণিজ্যনীতিতে কঠোর অবস্থান থেকে সরে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বিভিন্ন দেশের অভ্যন্তরীণ শিল্পে সরকারি ভর্তুকি ও সহায়তার বিষয়টি সামনে এনে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে তাঁর প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ উদ্যোগের আওতায় আসতে পারে ১৬টি দেশ ও অর্থনৈতিক জোট। সম্ভাব্য তালিকায় রয়েছে ভারতও।
প্রতিবেদন অনুযায়ী, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি বড় অর্থনীতির শিল্পনীতির ওপর তদন্ত চালিয়েছে মার্কিন প্রশাসন। এসব দেশের সরকার নিজস্ব শিল্পকে ভর্তুকি ও বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে প্রতিযোগিতায় এগিয়ে রাখছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে।
ওয়াশিংটনের অভিযোগ, সরকারি সহায়তার কারণে এসব দেশের উৎপাদকরা তুলনামূলক কম খরচে পণ্য তৈরি করতে পারছেন। ফলে আন্তর্জাতিক বাজারে কম দামে পণ্য বিক্রি করে তাঁরা মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় সুবিধা পাচ্ছেন। এতে যুক্তরাষ্ট্রের স্থানীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি ট্রাম্প প্রশাসনের।
ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশের শিল্পনীতি নিয়ে তদন্তের প্রতিবেদন চলতি সপ্তাহেই প্রকাশ করতে পারেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। তবে প্রতিবেদন প্রকাশের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
নতুন শুল্ক আরোপের সম্ভাবনা ভারতের জন্য বিশেষভাবে উদ্বেগের। কারণ, ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। এমন সময়ে ভারতের শিল্পে সরকারি সহায়তা নিয়ে মার্কিন তদন্ত দুই দেশের বাণিজ্য আলোচনায় নতুন চাপ তৈরি করতে পারে।
এর আগে সিঙ্গাপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছিলেন ট্রাম্প। কিন্তু ভারতসহ একাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের সম্ভাবনা সামনে আসায় ওয়াশিংটনের বাণিজ্যনীতি নিয়ে দিল্লির উদ্বেগ বাড়ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি রায়ের পর ট্রাম্প প্রশাসনের শুল্কনীতিতে পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাব দুই দেশের বাণিজ্য চুক্তির আলোচনাতেও পড়ছে বলে মনে করা হচ্ছে।
তবে সম্ভাব্য ১৬ দেশের ওপর কী হারে শুল্ক আরোপ করা হবে, কোন পণ্যগুলো এর আওতায় আসবে এবং কবে থেকে তা কার্যকর হতে পারে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। ফলে নতুন শুল্কের আশঙ্কা থাকলেও সংশ্লিষ্ট দেশগুলোর ওপর এর প্রকৃত প্রভাব নির্ভর করবে মার্কিন প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।



























