বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু

- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাখাল নৃত্য চলাকালে ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে ‘বাতাসা বৃষ্টি’ করেন এবং পুণ্যলাভের আশায় সেই বাতাসা আবার কুড়িয়ে নেন। উৎসবের মূল আকর্ষণ ‘রাসনৃত্য’ শুরু হবে রাত ১১টায়, যা চলবে ভোর পর্যন্ত। এছাড়া দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে থাকছে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবার মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ১৮৪তম মহারাসলীলা এবং আদমপুর তেতইগাঁও সানাঠাকুর মণ্ডপে মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের ৪১তম রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
উৎসব উপলক্ষে সাদা কাগজের নিপুণ কারুকাজ ও নকশায় অপরূপ সাজে সাজানো হয়েছে মণ্ডপগুলো। রাস উৎসবের আনন্দ উপভোগ করতে সকাল থেকেই স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থী কমলগঞ্জে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে শিশু-কিশোর ও নারী-পুরুষসহ সব বয়সী ও শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ। আয়োজকদের প্রত্যাশা, রাতের রাসনৃত্য ঘিরে মাধবপুর ও আদমপুর এলাকা লাখো মানুষের মিলনমেলায় পরিণত হবে।
মণিপুরী মহারাসলীলা আয়োজক কমিটির সদস্য নির্মল এস পলাশ বলেন, “মণিপুরী সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী রাস উৎসব দেখতে প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় জমান। সবার সম্মিলিত প্রচেষ্টা ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবারের উৎসবও অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”


























