১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
চার জাপানি প্রতিষ্ঠানের কনসোর্টিয়ামকে পরিচালনার দায়িত্ব দেওয়ার সুপারিশ; চারটি বিতর্কিত শর্ত মেনে নেওয়ার অভিযোগ, ৩০ নভেম্বর চুক্তি সইয়ের লক্ষ
নির্মাণকাজ প্রায় শেষ হওয়ার দুই বছর পর অবশেষে চালুর পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ১৫ বছরের জন্য টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানের চার প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ চুক্তিতে টার্মিনাল পরিচালনা থেকে অর্জিত রাজস্বের ৭৩ শতাংশ পাবে জাপানি পক্ষ, আর বাংলাদেশ পাবে ২৭ শতাংশ।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৮তম সভায় এ বিষয়ে কনসেশন চুক্তির নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবে থার্ড টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বিষয়টি সভায় উপস্থাপন করা হয়। সরকার আগামী ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সইয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।
চার জাপানি প্রতিষ্ঠানের হাতে পরিচালনার দায়িত্ব
টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশনের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম। প্রাথমিক আলোচনা অনুযায়ী, ১৫ বছর তারা টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। যাত্রীসেবার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজও চুক্তির আওতায় থাকবে।
রাজস্ব ভাগাভাগির বিষয়টি নিয়ে দীর্ঘদিন দর-কষাকষি হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম গত জুলাইয়ে জানিয়েছিলেন, পরিচালনা থেকে পাওয়া রাজস্বের ৭৩ শতাংশ পাবে জাপানি কনসোর্টিয়াম এবং ২৭ শতাংশ পাবে বাংলাদেশ।
তবে আংশিক কার্যক্রম শুরুর সময়ে অপারেটর তুলনামূলক কম হারে অর্থ দেবে বলে জানা গেছে। এ ক্ষেত্রে রাজস্ব ভাগাভাগির হার কত হবে এবং কত দিন এ ব্যবস্থা কার্যকর থাকবে, তা প্রকাশ করা হয়নি।
চার শর্তে আপত্তি ছিল বেবিচকের
চুক্তির খসড়া নিয়ে আলোচনায় জাপানি পক্ষের দেওয়া চারটি শর্ত নিয়ে আপত্তি উঠেছিল। শর্তগুলো হলো—রাজস্ব ভাগাভাগি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চুক্তিগত অবস্থান, আইন পরিবর্তনের দায় এবং নির্মাণত্রুটির দায়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এসব শর্তে আপত্তি জানালেও শেষ পর্যন্ত মন্ত্রণালয় জাপানি পক্ষের অবস্থান মেনে নিয়েছে। তবে চুক্তির চূড়ান্ত শর্তাবলি প্রকাশ না হওয়ায় এসব বিষয়ে বাংলাদেশের আর্থিক ও আইনি দায় কতটা থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
বেবিচকের একজন সাবেক চেয়ারম্যানের মতে, বিকল্প কোনো দরদাতা না থাকায় দর-কষাকষিতে বাংলাদেশের অবস্থান দুর্বল ছিল। অন্যদিকে সরকারের অবস্থান, জাতীয় স্বার্থ বিবেচনায় রেখেই আলোচনার মাধ্যমে জাপানি কনসোর্টিয়ামকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য বলে মনে করছে সরকার।
৩০ নভেম্বর চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালুর পরিকল্পনা
চুক্তি সইয়ের পর আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে পূর্ণাঙ্গভাবে চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।
চুক্তি সইয়ের সময়সীমা এর আগে কয়েক দফা পিছিয়েছে। গত জুনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছিলেন, ১৯ জুলাইয়ের মধ্যে চুক্তি সই হবে। পরে অক্টোবরের শেষ এবং ১৫ নভেম্বরের সময়সীমাও পার হয়। গত ১০ নভেম্বর বেবিচকের বোর্ড সভায় চুক্তির খসড়া অনুমোদনের পর সেটি মন্ত্রণালয় হয়ে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ওঠে।
ব্যয় বেড়েছে প্রায় ৮ হাজার ৬০০ কোটি টাকা
থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্প ২০১৭ সালের ২৪ অক্টোবর একনেকে অনুমোদন পায়। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। কয়েক দফা সংশোধনের পর গত ২৯ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকা। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।
টার্মিনালের নির্মাণকাজ প্রায় ৯৯ শতাংশ শেষ হলেও পরিচালনা ও রাজস্ব ভাগাভাগি নিয়ে মতবিরোধের কারণে প্রায় দুই বছর ধরে এটি চালু করা যায়নি। পুরোপুরি চালু হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিচালনার সক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ১ কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ২০ লাখে পৌঁছানোর কথা। একই সঙ্গে বছরে কার্গো পরিবহনের সক্ষমতা বাড়বে ৫ লাখ টন।
থার্ড টার্মিনাল পিপিপির মাধ্যমে পরিচালনার নীতিগত অনুমোদন আগের সরকারের আমলেই দিয়েছিল অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তখন অপারেটর নির্ধারিত না হলেও পরবর্তী সময়ে জিটুজি ভিত্তিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু হয়।






















