টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু
সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে

- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। মানুষ হত্যা করে দেশে আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় তারা। এই গোষ্ঠীকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার পাশাপাশি সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টুকু। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মী হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও ছয় বছর কারাভোগ করতে হয়েছে। নির্যাতনের মাত্রা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। পরে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই গোষ্ঠীকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে।
তিনি অভিযোগ করেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এত কিছুর পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এর মধ্য দিয়ে তারা জনগণের ওপর নির্ভর করে রাজনীতি করতে চায় না বলে মন্তব্য করেন তিনি।
টুকু বলেন, যারা দেশকে ধ্বংস করতে চায়, তারা দেশের শত্রু, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ আবারও হত্যার পথ বেছে নিয়েছে। গত দুই দিনে বিএনপির তিন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, প্রত্যেকটি অলিগলি, পাড়া-মহল্লায় প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করে তাঁরা দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে কখনো আপস করবেন না।
তিনি আরও বলেন, দেশের মানুষ শান্তি ও আইনের শাসন চায়। বাংলাদেশকে ধারণ করে দেশ গঠন এবং মানুষের কল্যাণে কাজ করতে চায় বিএনপি। যারা এ কাজে বাধা দেবে কিংবা সন্ত্রাস ও অগ্নিসংযোগে জড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। টাঙ্গাইলে সন্ত্রাসের কোনো জায়গা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। এ সময় জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















