ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাড়িটির পেছনের অংশে আগুন জ্বলতে দেখে টহল পুলিশ। পরে পুলিশ সদস্যরাই আগুন নিভিয়ে ফেলেন। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করছে পুলিশ।
একই রাতে নগরের পৃথক তিন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন শীর্ষ নেতার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর অবস্থান জানতে তাঁদের বাসভবনে তল্লাশি চালানো হয়। তবে কাউকেই বাসায় পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অধ্যাপক ইউনূসের বাড়ির নিচতলার পেছনের দিকে আগুন জ্বলতে দেখা যায়। বৃষ্টির মধ্যে একটি রিকশার যাত্রী সামনের ফুটপাত থেকে দৃশ্যটি ধারণ করেন। আগুন দেখতে পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিভিয়ে দেয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশের নিয়মিত টহলের সময় আগুন দেখতে পেয়ে সদস্যরা দ্রুত এগিয়ে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
গত শতকের ষাটের দশকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাবা পাঁচলাইশে চারতলা ‘নিরিবিলি’ বাড়িটি নির্মাণ করেন। তাঁর মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। বাবার ব্যবসার সূত্রে শহরে বাড়িটি নির্মিত হয়েছিল। শৈশব ও কৈশোরের বড় একটি সময় এই বাড়িতেই কাটে অধ্যাপক ইউনূসের।
বাড়িটির পূর্ব পাশের নিচতলার যে কক্ষে আগুন দেওয়া হয়েছে, সেখানে গত ১০ থেকে ১৫ বছর ধরে কেউ থাকেন না। বাড়ির লোকজনও ওই অংশে যাতায়াত করেন না। পুরো বাড়ির চারপাশে সীমানাপ্রাচীর থাকলেও নিচতলার ওই অংশটি টিন দিয়ে ঘেরা। সামনের খালি জায়গায় রয়েছে ঝোপঝাড়। বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে।
আ জ ম নাছিরের বাসায় ১৫-২০ পুলিশ সদস্য
বুধবার রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী থানা পুলিশের ১৫ থেকে ২০ সদস্যের একটি দল আন্দরকিল্লায় আ জ ম নাছির উদ্দিনের বাসভবনে যায়। সেখানে প্রবেশ করে তাঁর অবস্থান জানতে চায় পুলিশ। বাসায় তল্লাশি শেষে দলটি ফিরে যায়।
চশমা হিলে নওফেলের খোঁজে অভিযান
একই রাতে পাঁচলাইশের চশমা হিল এলাকায় প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনেও তল্লাশি চালানো হয়। সেখানে তাঁর ছেলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে খোঁজা হয়। তবে তাঁকেও বাসায় পাওয়া যায়নি।
এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র ছিলেন। তাঁর স্ত্রী হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
এ ছাড়া চকবাজার থানার পল্টন রোডে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনেও অভিযান চালিয়ে তল্লাশি করে পুলিশ। মাহতাব উদ্দিন চৌধুরী মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতা প্রয়াত জহুর আহমেদ চৌধুরীর ছেলে।
নাশকতার অভিযোগে গ্রেপ্তার বাচ্চু
এর আগে নাশকতার অভিযোগে চট্টগ্রামের এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ছলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নগরের এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ছলিম উল্লাহ বাচ্চু এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় রাজনীতিতে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।





















