পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের দাপট। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। চলতি মৌসুমে জেলায় এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।
বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ১৮ দশমিক ৫, রোববার ১৬ দশমিক ৪, শনিবার ১৫ দশমিক ৮ এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অন্যদিকে বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রার এই ওঠানামায় দিনের আবহাওয়া ও রাতের পরিস্থিতিতে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদ থাকায় গরম অনুভূত হয়। ঘরে ফ্যানও চালাতে হচ্ছে। কিন্তু সন্ধ্যা নামার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতে লেপ-কম্বল ব্যবহার করতে হচ্ছে। ভোরে বাইরে বের হলেও শীতের অনুভূতি বাড়ছে।
গলেহাহাট এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, দিনের বেলায় রোদ উঠলে গরম লাগে, ঘরে ফ্যান চালাতে হয়। তবে সন্ধ্যার পর থেকে ঠান্ডা বাড়ে। রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে।
আরেক বাসিন্দা শাহীন বলেন, কয়েক দিন আগেও রাতে এতটা ঠান্ডা ছিল না। এখন ভোরে বাইরে বের হলে শীত অনুভূত হয়। আবহাওয়ার এমন পরিবর্তনে শিশু ও বয়স্কদের নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।





















