ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় পুড়ে হেলপার নিহত
- সংবাদ প্রকাশের সময় : ১০:০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে সিয়াম নামের এক বাসহেলপারের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গভীর রাতে তিনটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত বাসস্ট্যান্ডে আসে। সেখানে পার্কিং করে রাখা ‘বাহক’ ও ‘লিসা’ পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার সিয়াম। আগুন ছড়িয়ে পড়লে তিনি বাস থেকে বের হতে পারেননি। একপর্যায়ে আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়।
টহলরত পুলিশ সদস্যরা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আশপাশের অন্য বাসগুলোতে ঘুমিয়ে থাকা চালক ও সহকারীদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেখান থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অগ্নিসংযোগের শিকার ‘লিসা’ পরিবহনের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অন্যদিকে, ‘বাহক’ পরিবহনের মালিক ঝালকাঠির অমিত পাল।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নাজিরপুরে চার দোকানে আগুন, ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
এদিকে, একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজবাড়ি এলাকায় এক স্বেচ্ছাসেবক দলের নেতার ব্যবসাপ্রতিষ্ঠানসহ পাশের চারটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ছাড়া উপজেলার শাখারীকাঠী ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে। স্থানীয় বিএনপির নেতারা এ অভিযোগ করেছেন। তবে এসব ঘটনায় ক্ষয়ক্ষতি, হতাহত কিংবা জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।






















