নেশার টাকা না পেয়ে গৃহবধূকে গলা টিপে হত্যা

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে শিল্পী খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জহুরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, সোমবার দিবাগত ভোর রাতে উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের এরশাদনগর হাড়িয়াবাড়ি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জহুরুল ওই গ্রামের কালু প্রামাণিকের ছেলে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২১ বছর আগে একই গ্রামের বাহাদুর আলীর মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে জহুরুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। গত ১৩ বছর আগে জহুরুল ইসলাম তার প্রথম স্ত্রী শিল্পী খাতুনকে না জানিয়ে ঢাকা সাভারে দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এরপর জহুরুল শিল্পীকে রেখে ঢাকা চলে যায়।
দীর্ঘ ৭ বছর পর আবার শিল্পী খাতুনের কাছে আছে জহুরুল। দ্বিতীয় পক্ষের দুই কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে। গত ১২ নভেম্বর জহুরুল আবার শিল্পী খাতুনের কাছে আসে। ঘটনার দিন রাতে জহুরুল স্ত্রী শিল্পী ও ছোট মেয়ে মিথিলাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে নেশার টাকার জন্য শিল্পী খাতুনের সাথে কথা কাটাকাটি হয়। শিল্পী টাকা দিতে অস্বীকৃতি জানালে জহুরুল তাকে অমানুষিক অত্যাচার করে।
এ সময় শিশু কন্যা মিথিলাকেও মেরে ফেলার হুমকি দেয় তিনি। একপর্যায়ে শিল্পীর গলা টিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় জহুরুল। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের ছোট ভাই শিপন আলী বলেন, নেশার টাকা না পেয়ে জহুরুল তার বোনকে রাতভর নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে। শুধু তাই নয়, বোনকে নির্যাতন করে নদীতে ফেলে দিয়েছিল জহুরুল। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, নিহতের গলা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত জহুরুল পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের লোকজনের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।






















