ছেঁড়াফাটা ১০-২০ টাকার নোটের ছড়াছড়ি, ভোগান্তিতে সাধারণ মানুষ

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
নতুন নোটের সংকটের কথা জানাল বাংলাদেশ ব্যাংক; দ্রুত নোট ছাপানো ও ডিজিটাল লেনদেন বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের
দৈনন্দিন লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১০ ও ২০ টাকার নোট। অথচ বাজারে এই ছোট অঙ্কের নোটের বড় অংশই ছেঁড়াফাটা, ময়লাযুক্ত ও জরাজীর্ণ। চায়ের দোকান থেকে শুরু করে গণপরিবহন, রিকশা কিংবা সিএনজি—প্রায় সব ক্ষেত্রেই এসব নোট নিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। নিজের কাছে থাকা নোট অন্যের কাছে চালাতে গিয়েও বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে অনেককে।
পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক নোট ছাপানোর উদ্যোগ নিলেও সংকট কাটছে না। কেন্দ্রীয় ব্যাংক বলছে, কাগজ, কালি ও নিরাপত্তা সরঞ্জামের সরবরাহে ঘাটতির কারণে নতুন নোট ছাপানো ব্যাহত হচ্ছে। এ অবস্থায় দ্রুত নতুন নোট ছাপানোর পাশাপাশি ডিজিটাল লেনদেনের সুযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।
রাজধানীর তেজগাঁওয়ের চা-দোকানদার ওয়াহিদের অভিজ্ঞতাও একই। প্রতিদিন অসংখ্য ক্রেতার কাছ থেকে ছেঁড়াফাটা ও জরাজীর্ণ নোট নিতে হয় তাঁকে। পরে সেই নোট অন্য কারও কাছে দিতে গেলেও সমস্যায় পড়েন। অনেকেই এমন নোট নিতে চান না।
শুধু চায়ের দোকান নয়, গণপরিবহন, রিকশা ও সিএনজিতে ভাড়া পরিশোধের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা যায়। দেশে দুই টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যমানের নোট চালু থাকলেও ছোট অঙ্কের নোটের ব্যবহার বেশি। ফলে এসব নোটের মান খারাপ হলে দৈনন্দিন লেনদেনে তার প্রভাব পড়ে ব্যাপকভাবে।
ছেঁড়াফাটা ও ময়লাযুক্ত নোট বদলে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকলেও অনেক ব্যাংক থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের। ফলে অচল বা জরাজীর্ণ নোট নিয়ে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ঘুরতে হচ্ছে তাঁদের।
বাংলাদেশ ব্যাংকের দাবি, আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রয়োজনীয় কাগজ, কালি ও নিরাপত্তা সরঞ্জাম সময়মতো না পাওয়ায় নতুন নোট ছাপানোর ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এ কারণে কিছু মূল্যমানের নতুন নোটের সংকট রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ড. শহীদুল জাহিদ বলেন, জনগণের জন্য তুলনামূলক সহজ লেনদেনের পরিবেশ তৈরি করতে হবে, যাতে তাঁরা ডিজিটাল পদ্ধতিতে লেনদেনে উৎসাহিত হন। তবে সেই ব্যবস্থা পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের উচিত বাজারে ভালো মানের নোটের সরবরাহ নিশ্চিত করা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, যারা নোট তৈরির উপকরণ সরবরাহ করেন, তাঁরা সময়মতো সরবরাহ করতে না পারলে ধৈর্য ধরতে হবে। বর্তমানে কাগজের সংকটের কারণে ২০ টাকা বা আরও কিছু মূল্যমানের নতুন নোট বাংলাদেশ ব্যাংকের কাছে নেই।
এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছেঁড়াফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং বিনিময়ের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে। এসব নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে শুধু নির্দেশনা জারি করেই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। বাজারে মানসম্মত ছোট নোটের পর্যাপ্ত সরবরাহ এবং ব্যাংকগুলোতে পুরোনো নোট বদলের সেবা নিশ্চিত না হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে না। দৈনন্দিন লেনদেনের এই সংকট নিরসনে তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে।























