স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি

- সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকস্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের সঙ্গে সমন্বয় করে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, সাধারণত স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চিফ হুইপ বলেন, নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। প্রকৃত জনসমর্থন রয়েছে, এমন প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে দল। এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কাঠামোকে কাজে লাগানো হবে।
নুরুল ইসলাম মনি বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না। বিএনপি চায়, নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক এবং স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।
তৃণমূলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নিলে দল কী ব্যবস্থা নেবে—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, এ বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। তবে এখন পর্যন্ত এ নিয়ে কোনো আলোচনা হয়নি।
























