নলছিটিতে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ঝালকাঠির নলছিটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. রাকিব হাসান সরদার (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার অটোরিকশা স্ট্যান্ডসংলগ্ন পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নলছিটি থানার একটি দল মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের দায়িত্বে ছিল। এ সময় গোপন তথ্য আসে, দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদক নিয়ে অবস্থান করছেন।
খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাকিবকে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।
গ্রেফতার রাকিব হাসান সরদার দিনাজপুরের পার্বতীপুর থানার ঘনশ্যামপুর গ্রামের মৃত বাবলু সরদারের ছেলে।
এ ঘটনায় নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
























