জানুয়ারিতে স্থানীয় নির্বাচন, মাঠ গোছানোর প্রস্তুতিতে রাজনৈতিক দলগুলো

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বার্ষিক পরীক্ষা, এসএসসি-এইচএসসি পরীক্ষা, রমজান, ঈদ ও পূজাসহ জাতীয় ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ সময় বিবেচনায় আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের সময়সূচি নিয়ে ইসির এই অবস্থানের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক তৎপরতাও নতুন করে গতি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, শিক্ষা কার্যক্রম ও জাতীয় গুরুত্বপূর্ণ সময়সূচির সঙ্গে সমন্বয় করেই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বরে স্থানীয় নির্বাচন আয়োজনের সুযোগ থাকছে না। সব দিক বিবেচনায় নিয়ে জানুয়ারি থেকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইসি সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচন শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, দেশের তৃণমূল রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ। ইউনিয়ন, পৌরসভা ও অন্যান্য স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক সক্ষমতা, জনসম্পৃক্ততা ও মাঠপর্যায়ের অবস্থান আরও স্পষ্ট হয়।
সম্ভাব্য নির্বাচনের সময় নিয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আগে সম্ভাব্য সময়ের কথা জানানো হলেও পরে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা, বন্যার কারণে পিছিয়ে যাওয়া শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বাস্তবতা সামনে আসে। এসব বিষয় বিবেচনায় নিয়েই নতুন সময় নির্ধারণের প্রক্রিয়া চলছে।
তিনি জানান, রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় করে নির্বাচনের চূড়ান্ত পরিকল্পনা করা হবে।
এদিকে নির্বাচন পেছানোর ক্ষেত্রে সরকারের কোনো চাপ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, কোনো ধরনের চাপের কারণে নয়; বরং বাস্তব পরিস্থিতি, আইন ও সাংবিধানিক বিষয় বিবেচনা করেই কমিশন সিদ্ধান্ত নিচ্ছে।
স্থানীয় নির্বাচন ঘিরে এখন রাজনৈতিক দলগুলোর নজর তৃণমূলের দিকে। সম্ভাব্য সময়সূচি চূড়ান্ত হলে প্রার্থী বাছাই, সাংগঠনিক প্রস্তুতি ও মাঠের প্রচারণায় নতুন করে সক্রিয়তা বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।





















