নতুন স্কেলে বেতন কত বাড়বে, হিসাব করবেন যেভাবে

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বিভিন্ন গ্রেডের নতুন বেতন কাঠামোর পাশাপাশি পুরোনো বেতন থেকে নতুন বেতন নির্ধারণের নিয়ম বা ‘পে ফিক্সেশন’ পদ্ধতিও উল্লেখ করা হয়েছে।
নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ২০টি গ্রেড বহাল রেখে নতুন স্কেলে বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। গ্রেড ১ থেকে ১১ পর্যন্ত মূল বেতন ১০০ শতাংশ এবং গ্রেড ১২ থেকে ২০ পর্যন্ত ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে।
নতুন কাঠামোয় ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। অন্যদিকে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও সিনিয়র সচিব ছাড়া গ্রেড-১-এর সর্বোচ্চ মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।
তবে কোনো কর্মকর্তা-কর্মচারী শুধু নিজের গ্রেড জানলেই নতুন বেতন কত হবে, তা নির্ধারণ করা যাবে না। এ জন্য ৩০ জুন পর্যন্ত তাঁর পাওয়া মূল বেতন এবং সংশ্লিষ্ট বেতন স্কেলের ধাপ জানা জরুরি।
একই গ্রেডে বেতন ভিন্ন হতে পারে
একই গ্রেডে কর্মরত দুই কর্মকর্তা-কর্মচারীর মূল বেতন এক নাও হতে পারে। কোনো কর্মকর্তা ওই গ্রেডে কয়েক বছর ধরে কর্মরত থেকে একাধিক বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে থাকতে পারেন। অন্যদিকে, একই গ্রেডে নতুন যোগ দেওয়া কর্মচারীর মূল বেতন হতে পারে প্রারম্ভিক ধাপে।
ফলে নতুন বেতন স্কেলেও একই গ্রেডের সব কর্মকর্তা-কর্মচারীর মূল বেতন সমান হবে না। ৩০ জুন পর্যন্ত পাওয়া মূল বেতন এবং পে ফিক্সেশনের নিয়ম অনুযায়ী নতুন বেতনক্রমে তাঁদের অবস্থান নির্ধারিত হবে।
নতুন বেতন নির্ধারণের দুটি পদ্ধতি
প্রজ্ঞাপনে মূলত দুটি পদ্ধতিতে নতুন বেতন নির্ধারণের কথা বলা হয়েছে।
১. প্রারম্ভিক ধাপে বেতন পাওয়া কর্মচারীদের ক্ষেত্রে
কোনো কর্মচারী যদি বর্তমান বেতন স্কেলের প্রারম্ভিক ধাপে বেতন পেয়ে থাকেন, তাহলে নতুন বেতন স্কেলেও সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক ধাপে তাঁর বেতন নির্ধারণ করা হবে।
উদাহরণ:
একজন কর্মচারী ৩০ জুন পর্যন্ত ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা বেতন স্কেলের প্রারম্ভিক ধাপে অর্থাৎ ৯ হাজার ৩০০ টাকা মূল বেতন পেতেন। তিনি ১৬তম গ্রেডের কর্মচারী।
নতুন বেতন কাঠামোয় ১৬তম গ্রেডের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯০০ টাকা থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
এ ক্ষেত্রে ১ জুলাই থেকে তাঁর নতুন মূল বেতন হবে ২১ হাজার ৯০০ টাকা।
অর্থাৎ, পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপে বেতন পাওয়া কর্মচারীর নতুন বেতনও সংশ্লিষ্ট নতুন স্কেলের প্রারম্ভিক ধাপে নির্ধারিত হবে।
২. ইনক্রিমেন্টসহ মূল বেতন পাওয়া কর্মচারীদের ক্ষেত্রে
কোনো কর্মচারীর বর্তমান মূল বেতন যদি সংশ্লিষ্ট বেতন স্কেলের প্রারম্ভিক ধাপের চেয়ে বেশি হয়, তাহলে প্রথমে তাঁর বর্তমান মূল বেতন ও পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপের মধ্যকার পার্থক্য নির্ধারণ করতে হবে।
এরপর ওই পার্থক্য নতুন বেতন স্কেলের প্রারম্ভিক ধাপের সঙ্গে যোগ করা হবে। যোগফল নতুন বেতন স্কেলের কোনো নির্দিষ্ট ধাপের সমান হলে সেখানেই বেতন নির্ধারিত হবে। আর যোগফলের সমান কোনো ধাপ না থাকলে পরবর্তী উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করা হবে।
উদাহরণ:
ধরা যাক, ৩০ জুন পর্যন্ত একজন কর্মচারীর ইনক্রিমেন্টসহ মূল বেতন ছিল ১৩ হাজার ৭৯০ টাকা। তাঁর পুরোনো বেতন স্কেল ছিল ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা।
নতুন বেতন কাঠামোয় তাঁর সংশ্লিষ্ট বেতন স্কেল হলো ২৫ হাজার টাকা থেকে ৬০ হাজার ৫০০ টাকা।
হিসাবটি হবে এভাবে—
বর্তমান মূল বেতন: ১৩,৭৯০ টাকা
পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপ: ১২,৫০০ টাকা
পার্থক্য: ১৩,৭৯০ − ১২,৫০০ = ১,২৯০ টাকা
নতুন স্কেলের প্রারম্ভিক ধাপ: ২৫,০০০ টাকা
যোগফল: ২৫,০০০ + ১,২৯০ = ২৬,২৯০ টাকা
তবে নতুন বেতন স্কেলে ২৬ হাজার ২৯০ টাকার কোনো ধাপ নেই। তাই পরবর্তী উচ্চতর ধাপ অনুযায়ী তাঁর নতুন মূল বেতন নির্ধারিত হবে ২৬ হাজার ৩০০ টাকা।
যাঁদের ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য নয়
মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা, সিনিয়র সচিবের ১ লাখ ৬৪ হাজার টাকা এবং গ্রেড-১-এর মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারিত হয়েছে। সমমর্যাদার পদগুলোর ক্ষেত্রেও নির্ধারিত মূল বেতন প্রযোজ্য হবে।
এসব ক্ষেত্রে ওপরের দুটি পদ্ধতিতে বেতন নির্ধারণ করা হবে না। কারণ, সংশ্লিষ্ট পদগুলোর মূল বেতন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
প্রেষণে থাকা কর্মচারীদের বেতন
কোনো কর্মচারী প্রেষণে অন্য দপ্তর বা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে, তিনি প্রেষণে না থাকলে নিজ দপ্তর বা প্রতিষ্ঠানে যে মূল বেতন পাওয়ার অধিকারী হতেন, সেই ভিত্তিতে নতুন বেতন নির্ধারণ করা হবে।
এ ছাড়া ছুটি, সাময়িক বরখাস্ত এবং অবসর-উত্তর ছুটিতে থাকা কর্মচারীদের বেতন নির্ধারণের নিয়মও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো কর্মচারীর অবসর-উত্তর ছুটি ৩০ জুন শেষ হয়ে ১ জুলাই তিনি অবসরে গেলে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নতুন বেতন নির্ধারণের সুবিধা পাবেন না।
একই পদে আট বছর পূর্ণ হলে উচ্চতর গ্রেড
কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়াই একই পদে আট বছর পূর্ণ করলে এবং তাঁর চাকরি সন্তোষজনক হলে নবম বছরে স্বয়ংক্রিয়ভাবে পদের মূল স্কেলের পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাবেন।
তবে এই উচ্চতর গ্রেড পাওয়া পদোন্নতি হিসেবে গণ্য হবে না।
নতুন প্রজ্ঞাপনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট, প্রেষণ, ছুটি ও অবসর-উত্তর ছুটিসহ বিভিন্ন পরিস্থিতিতে বেতন পুনর্নির্ধারণের বিস্তারিত নিয়ম উল্লেখ করা হয়েছে। ফলে নিজের নতুন মূল বেতন জানতে সংশ্লিষ্ট কর্মচারীকে ৩০ জুন পর্যন্ত পাওয়া মূল বেতন, গ্রেড এবং নতুন বেতন স্কেলের ধাপ বিবেচনায় নিতে হবে।
























