অপরাধচিত্র অনেকাংশে নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলায় এসেছে উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বিগত সময়ের তুলনায় দেশের অপরাধ পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘তাবলীগ জামাত বাংলাদেশ’-এর সাদপন্থী অংশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বৈঠকে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, নিরাপত্তা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়।
হত্যা-অপহরণসহ গুরুতর অপরাধ কমেছে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া কেন্দ্র ও জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হত্যা, অপহরণ, নারী নির্যাতনসহ বিভিন্ন গুরুতর অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক প্রচেষ্টায় মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
১২ ঘণ্টায় ছিনতাই মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সাম্প্রতিক একটি অভিযানের উদাহরণ দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীতে এক শিক্ষিকা ছিনতাইকারীর কবলে পড়ে নিহত হওয়ার ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং প্রয়োজনীয় আলামত জব্দ করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
দায়িত্বে গাফিলতি হলে ব্যবস্থা
গোয়েন্দা তৎপরতা ও মনিটরিং ব্যবস্থা বর্তমানে সক্রিয় রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে প্রতিদিনের অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও শক্তিশালী ও টেকসই করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
দুই পক্ষের সমঝোতায় ইজতেমার আহ্বান
বিশ্ব ইজতেমা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ইজতেমা আয়োজনের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
জুবায়েরপন্থী ও সাদপন্থী—তাবলীগ জামাতের দুই পক্ষকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ইজতেমা আয়োজনের আহ্বান জানান তিনি।
বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাবলীগ জামাতের সাদপন্থী অংশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৮ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, নিরাপত্তা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তাবলীগ জামাতের জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিরা অংশ নেন।




















