যশোরে সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু

- সংবাদ প্রকাশের সময় : ১১:০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
যশোরে ইজিবাইক (ব্যাটারি চালিত অটোরিকশা) ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) যশোর ক্যান্টনমেন্টের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-যশোর জেলার চৌগাছা উপজেলার মডেলপাড়া গ্রামের আবদুর রশিদ (৪৫) এবং তার স্ত্রী সাবিরা খাতুন (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রশিদ ও সাবিরা খাতুন দম্পতি নতুন বাড়ির জন্য মালামাল কিনতে মোটরসাইকেল যোগে চৌগাছা থেকে যশোরে গিয়েছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছায় ফেরার পথে ক্যান্টনমেন্টের প্রধানফটকে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দু’জনই মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে সাবিরা খাতুনের মৃত্যু হয়। আবদুর রশিদের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তু ঢাকায় নেয়ার পথে তিনিও মারা যান।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






















