জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন সময় দেশ গড়ার, এখন সময় জাতির ভাগ্য গঠনের। কাজেই আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমাদের দেশকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হবে।’
দেশের উন্নয়নে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে বাধা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক মানুষ ও গণতন্ত্রে বিশ্বাসীদের এখন সিদ্ধান্ত নিতে হবে—যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজপথে এসে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে চায় এবং মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা প্রতিজ্ঞা করি, আমরা শপথ গ্রহণ করি—দেশের উন্নয়ন ও দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে আমাদের রুখে দিতে হবে।’
তিনি বলেন, ‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদের স্লোগান—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’
বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, দলের নেতাকর্মীরা সবসময় বলে থাকেন, বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছে এবং দলের ৩১ দফার পক্ষে রায় দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘৩১ দফা বাস্তবায়ন করাই এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব। কারণ ৩১ দফা হচ্ছে জনগণের দফা। কাজেই জনগণের দফা পূরণ ও বাস্তবায়নের জন্য বিএনপি সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি কাজ করে যাবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেন।






















