টাঙ্গাইলে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে শাহিনুর রহমান (৩৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমানের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিনুর স্ত্রী স্বপ্নাকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা স্বপ্নাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত স্বপ্নার বাবা মন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় হত্যা মামলা করেন।
মামলাটির বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত শাহিনুর রহমানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
টাঙ্গাইলের কোর্ট ইনস্পেক্টর আজহারুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে
























