তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার

- সংবাদ প্রকাশের সময় : ০২:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, আপিল বিভাগের চেম্বার জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এবং হাফিজুর রহমানের পালিয়ে যাওয়ার আশঙ্কায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।
তবে ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া তার জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।
আদালতের ওই নির্দেশের পর শনিবার কেরানীগঞ্জের বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই।
২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বিচারের দাবিতে আন্দোলনও হয়। দীর্ঘ সময় পর মামলাটির তদন্তে নতুন করে অগ্রগতি দেখা দেয় এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করা হয়।




















