মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: জাহেদ উর রহমান
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন মনে করলে মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে সরকারের ১৮০ দিন পূর্তির পরই এমন রদবদল হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। যদি কখনো তাঁর মনে হয়, কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত তিনি নিতে পারেন।
জাহেদ উর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, জনগণের কল্যাণে যদি কোনো সিদ্ধান্ত আরও ভালোভাবে নেওয়ার সুযোগ থাকে, তাহলে তিনি সেটাই করবেন। তবে এটি সরকারের ১৮০ দিন পূর্তির পর হবে, নাকি আরও কিছু সময় লাগবে—এ মুহূর্তে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভায় রয়েছেন ২৪ জন পূর্ণমন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা। কার্যবিধি (Rules of Business) অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রয়েছে।
সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান আরও জানান, সাইবার বুলিং ও অপতথ্য মোকাবিলায় সরকারের পক্ষ থেকে একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ উপস্থিত ছিলেন।





















