চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল

- সংবাদ প্রকাশের সময় : ০২:০০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে
চার বছর পর আবারও বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। আগামী সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সাদা বলের সিরিজ আয়োজনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে আলোচনা চলছে।
২০২৫ সালের জুলাইয়ে ভারতের বাংলাদেশ সফরের সূচি থাকলেও সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সিরিজটি স্থগিত করা হয়েছিল। এখন সেই সিরিজ আয়োজনের উদ্যোগ নতুন করে শুরু হয়েছে বলে জানা গেছে।
সিরিজ আয়োজনের আশায় ইতোমধ্যে সম্প্রচার স্বত্ব বিক্রির প্রস্তুতিও শুরু করেছে বিসিবি। বোর্ডের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সিরিজ আয়োজন নিয়ে তারা আশাবাদী। যদিও এখনো বিসিসিআইয়ের চূড়ান্ত সম্মতি মেলেনি, তবে ভারতীয় বোর্ড সফর বাতিলের কোনো বার্তাও দেয়নি।
তিনি বলেন, “আমরা ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় আছি। খুব শিগগিরই বিসিসিআইয়ের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করছি।”
জানা গেছে, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক বৈঠকে অংশ নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিবেশী দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি।
ভারতের বর্তমান সূচি অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা রয়েছে। তবে বাংলাদেশ সফর চূড়ান্ত হলে সেই সিরিজ কয়েক দিন পিছিয়ে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শ্রীলঙ্কা সফর শেষে বাংলাদেশে আসবে ভারতীয় দল। আর সেটিই হবে ২০২১ সালের পর ভারতের প্রথম বাংলাদেশ সফর।




















