মীর শাহে আলম
মেগা প্রকল্পের ব্যয় নির্ধারণ করেন প্রকৌশলীরা, রাজনৈতিক ব্যক্তিরা নন

- সংবাদ প্রকাশের সময় : ০১:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
কোনো মেগা প্রকল্পের ব্যয় রাজনৈতিক ব্যক্তিরা নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনা ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতেই নির্ধারিত হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণের অন্যতম কারণ হলো সাধারণ মানুষের নির্মাণবিধি না মানার প্রবণতা।
শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীতে ‘প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর অনেক এলাকায় অনুমোদিত পরিকল্পনা অনুসরণ না করেই সড়ক ও অন্যান্য অবকাঠামোকে ঘিরে আবাসন গড়ে উঠেছে। এতে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ডিএপি) বাস্তবায়নে নানা ধরনের সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, ক্রমবর্ধমান জনগোষ্ঠীর চাহিদা বিবেচনায় সরকার এখন ছোট ছোট বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে দীর্ঘমেয়াদি, সমন্বিত ও টেকসই নগর পরিকল্পনা বাস্তবায়নের দিকে গুরুত্ব দিচ্ছে।
মীর শাহে আলম সবাইকে সরকারি বিধিমালা মেনে বাড়িঘর নির্মাণের আহ্বান জানিয়ে বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার এ খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে নতুন ভবনের নকশা প্রণয়নের সময় প্রকৌশলীদের সোলার বিদ্যুৎ ব্যবস্থা অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।



















