কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
রাজশাহীতে আয়োজিত ইন্টারন্যাশনাল ডে অব ইয়োগা অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের ভিত্তিতেই এগিয়ে যাবে। তিনি বলেন, “কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।”
রোববার (২১ জুন) বিকেলে রাজশাহীতে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশ একে অপরের সহযোগী এবং পারস্পরিক আস্থার সম্পর্কেই এ অগ্রযাত্রা এগিয়ে চলছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই সহযোগিতা ও বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে।
তিনি বলেন, বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহারকে ইয়োগার একটি প্রাচীন কেন্দ্র হিসেবে ধরা হয়। সেই সময় থেকেই এই অঞ্চলে শারীরিক ও মানসিক চর্চার ঐতিহ্য গড়ে ওঠে, যা পরে বাংলাদেশ, ভারত ও চীনসহ বিভিন্ন দেশে বিস্তার লাভ করে।
মন্ত্রী বলেন, ইয়োগার মূল উদ্দেশ্য হলো শরীর ও মনকে সুস্থ রাখা এবং আত্মরক্ষার সক্ষমতা অর্জন করা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা এবং আরএমপির কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদ।
অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ ইয়োগা অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।





















